শতাধিক সংখ্যালঘু পরিবার আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতঙ্কে রাতে ঘুমাতে পারছে না দিনাজপুরের বিরল উপজেলার শিকারপুর গ্রামের শতাধিক সংখ্যালঘু পরিবারের প্রায় তিন শতাধিক নারী-পুরুষ। গত ১৩ ডিসেম্বর স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান কছিমুদ্দিন শুকু বাহিনী তাদের ওপর হামলা করে। এ হামলার ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কোনো ভূমিকা নেয়নি। এদিকে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে কছিমুদ্দিন এবং তাঁর সন্ত্রাসী বাহিনীর সদস্যরা প্রকাশ্যে তাদের গ্রাম ছাড়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য দিনাজপুর-২ আসনের সাবেক সাংসদ সতীশ চন্দ্র রায় গত বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কছিমুদ্দিন শুকু ওই এলাকায় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তিনি পারেন না এমন কোনো কাজ নেই। তাঁর নিজস্ব বিশাল সন্ত্রাসী বাহিনী আছে। ২০০১ সালের নির্বাচনে শুকু বাহিনীর হামলা, নির্যাতন আর মারধরের কারণে এলাকার অন্তত ১০টি ভোটকেন্দ্রে হিন্দু ভোটাররা নৌকায় ভোট দিতে পারেননি। পরবর্তী সময় চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর শুকু বাহিনীর নির্যাতনের শিকার শতাধিক সংখ্যালঘু পরিবার জীবন বাঁচাতে এলাকা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’ তিনি বলেন, এলাকার বেশির ভাগ মানুষ সংখ্যালঘু। তাঁর বিরুদ্ধে কথা বলে এমন লোক ওই এলাকায় নেই। গত ১৩ ডিসেম্বর শিকারপুর গ্রামে তাঁর নেতৃত্বাধীন বাহিনী গ্রামের নারী-পুরুষ ও শিশুদের ওপর যে নারকীয় অত্যাচার-নিপীড়ন চালিয়েছে তা বেদনাদায়ক। দুঃখের বিষয়, সংখ্যালঘুদের ওপর এত বড় সন্ত্রাসী ঘটনা জানার পরও জেলা প্রশাসক বা পুলিশ সুপার এমনকি থানার ভারপ্রাপ্ত কর্মকতাও ঘটনাস্থলে যাননি। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।১২ জানুয়ারি সরেজমিনে শিকারপুর গেলে মামলার বাদী গ্রামের বয়োবৃদ্ধ গোপেন্দ্র নাথ (৮০) জানান, তাঁর বাড়ির পশ্চিমে রঘুনাথপুর মৌজার ৪ নং এসএ খতিয়ানভুক্ত ৫২৭ নং দাগের দুই একর তিন শতক পরিমাণ ‘মোলাহার’ নামে পুকুরটির মূল মালিক ছিলেন দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা জমিদারি এস্টেটের জমিদারেরা। গত বাংলা ১৩৫৩ সালের ২৫ মাঘ জমিদারি এস্টেটের পক্ষে সেরাজউদ্দিন চৌধুরীর কাছ থেকে গোপেন্দ্র নাথ রায় পুকুরটির চিরস্থায়ী পত্তন নিয়ে মালিকানাপ্রাপ্ত হন। গোপেন্দ্র নাথের ছেলে প্রণব কুমার রায় জানান, চেয়ারম্যান শুকু ২০০০ সালে পুকুরটির পশ্চিম পাড়ে ‘ধনগ্রাম বেকার যুব সমবায় সমিতি’ নাম দিয়ে একটি ক্লাবের সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এরপর জোর করে পুকুরের মাছ ধরলে গোপেন্দ্র নাথ বিরল থানায় জিডি করেন। তারপর দিনাজপুর সহকারী জজ আদালতে বেকার যুব সমবায় সমিতির বিরুদ্ধে মামলা করেন। মামলার আদেশে বিচারক গোপেন্দ্র নাথের পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।শিকারপুর গ্রামের কলেক চন্দ্র রায় এবং গোগলা রায় অভিযোগ করে জানান, কছিমুদ্দিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ করতেন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায় প্রার্থী ছিলেন। কিন্তু শুকু চেয়ারম্যানের সঙ্গে বিরোধের কারণে ভোটের দিন কছিমুদ্দিন চেয়ারম্যানের বাহিনী এলাকার ১৫টি ভোটকেন্দ্রে সতীশ বাবুর পক্ষের স্থানীয় সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেন। ভোটারদের কেন্দ্র থেকে পিটিয়ে তাড়িয়ে দেন। ফলে হেরে যান সতীশ চন্দ্র রায়। গ্রামের কল্পনা বালা, প্রমীলা রানী, আদরী রানী, শ্যামলী রানী প্রমুখ জানান, গত ১৩ ডিসেম্বর মোল্লাহার পুকুরে জাল ফেলে ১২ থেকে ১৪ বস্তা মাছ ধরেন গোপেন্দ্র নাথ রায়। কিন্তু বাজারে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে সকাল আটটার দিকে অকস্মাত্ ইউনিয়েনের সাবেক চেয়ারম্যান কছিমুদ্দিন, তাঁর ছেলে মামুনের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক মানুষ লাঠি, ছুরি, বল্লম, শাবল ও লোহার রড হাতে আক্রমণ চালায় গ্রামবাসীর ওপর। তারা প্রতিটি সংখ্যালঘুর বাড়িতে হামলা ও লুটপাট চালায় এবং নারী-পুরুষদের পেটাতে থাকে। বাড়িঘরের মালামাল বাইরে ছুড়ে ফেলে পোঁটলা-পুঁটলি গুটিয়ে ভারতে চলে যাওয়ার নির্দেশ দেয়। পুকুরের মালিক গোপেন্দ্র নাথ জানান, শুকু চেয়ারম্যানের ছেলে মামুন ইট দিয়ে আঘাত করে তাঁর দাঁত ভেঙে দিয়েছে। তাঁকে রক্ষা করতে এসে স্ত্রী জনতা বালাকে মামুন মাথায় দা দিয়ে কোপ মেরেছে, লাঠির আঘাতে হাত ও পা ভেঙে দিয়েছে। মাকে রক্ষা করতে এসে বড় ছেলে প্রণব রায়ের মাথায় দায়ের কোপ পড়ে। লাঠি দিয়ে মা ও ছেলেকে পিটিয়ে জখম করে তারা। প্রতিবেশী কল্পনা রানী, প্রমীলা রানী, আদরী, চাঁন মনি, বৌমা শ্যামলী রানী সবাই আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গোপেন্দ্র নাথের স্ত্রী জনতা এবং বড় ছেলে প্রণব রায় তাঁর স্ত্রী ইন্দ্রানী হাসপাতালে চিকিত্সা নেওয়ার পর ১ জানুয়ারি বাড়ি এসেছেন।শিকারপুর গ্রামের কৃষক কলেক চন্দ্র রায় জানান, ঘটনায় তিনিসহ গ্রামের মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তিনি জানান, শুকু বাহিনীর সদস্যরা দরজা ভেঙে তাঁর বাড়িতে ঢুকে মারধর করে। স্ত্রী কল্পনা রানী গোয়ালঘরে পালালে তাঁকেও সেখান থেকে টেনেহেঁচড়ে বের করে এনে মারধর করে।প্রতিবেশী সদানন্দ রায় অভিযোগ করেন, গ্রামের নারী-পুরুষ ও শিশুরা মার খেয়ে গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়। কারণ সন্ত্রাসীরা তাঁদের বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে ঘর থেকে টাকা-পয়সা, ট্রাঙ্ক-স্যুটকেশ লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ১২ জানুয়ারি কছিমুদ্দিন শুকুর রাইস মিলে গেলে তাঁর ছেলে সেকেন্দার আলী প্রথম আলোর কাছে স্বীকার করেন, ঘটনার সময় তাঁর বাবা কছিমুদ্দিন ঘটনাস্থলে ছিলেন। তবে মারামারি থামাতে গিয়েছিলেন বলে দাবি করেন সেকেন্দার আলী। অপরদিকে মুঠোফোনে কছিমুদ্দিন ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা পুরোপুরি অস্বীকার করে বলেন, তাঁর পা ভেঙেছে। কোথাও যাননি। তিনি বাড়িতেই ছিলেন। তবে মামলার কারণে কয়েক দিন পালিয়ে ছিলেন। গত ২৩ ডিসেম্বর আদালত থেকে জামিন পাওয়ার পর বাড়ি ফিরে এসেছেন।জেলা প্রশাসক মো. আব্দুল জলিল বলেন, ঘটনা জানার পরই বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন। পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, আসামিরা আদালত থেকে জামিন পেতে পারে। তাতে পুলিশের কোনো হাত নেই। কিন্তু পুলিশ ঘটনা তদন্ত করেছে। ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। পুলিশ আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে বলে জানান।দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাংসদ খালিদ মামুদ চৌধুরী জানান, তিনি ঘটনার কথা জেনেছেন। আহতদের দেখতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।এত কিছুর পরও মামলার বাদী গোপেন্দ্র নাথ রায়, প্রতিবেশী কলেক চন্দ্র রায়, গোগলা রায় প্রমুখ আশঙ্কা প্রকাশ করে জানান, ‘কছিমুদ্দিন, তাঁর বেটা মামুন, সেকেন্দার, আর যারা হামার উপর লাঠি ঠেঙ্গা নিয়া হামলা চালাই ছিল, তামরা তো এলা প্রকাশ্যে ঘুরি বেড়াছে। হামাক বাড়ি ছাড়ার হুমকি দেছে। হামার তো ঘুম হারাম হই গেইছে। রাইত হইলে মনে হচে এই বুঝি ওরা ফির মারিবা আইসেচে। তোমরা সবায় মিলি এনা হামাক দেখেন।’