শতাধিক ‘রাজনৈতিক’ পৌরসভা, দেড় হাজার ভোটে মেয়র
কোনো এলাকাকে পৌরসভা ঘোষণা করতে হলে অন্যতম শর্ত হলো, এলাকার জনসংখ্যা অন্তত ৫০ হাজার হতে হবে। কিন্তু শতাধিক পৌরসভা করা হয়েছে আইন লঙ্ঘন করে। পৌরসভা ঘোষণা করা হলেও নাগরিক সুযোগ-সুবিধা মোটেও বাড়েনি। উল্টো বেড়েছে করের বোঝা। সুবিধা না পেলেও আরোপিত নানা করের বোঝা নিয়ে বিপদে আছে এসব পৌরসভার বাসিন্দারা।এবার নির্বাচনে ২৫৪টি পৌরসভার মধ্যে ২৬টির ভোটারসংখ্যা ১০ হাজারের নিচে। আর ভোটারসংখ্যা ২০ হাজারের নিচে এমন পৌরসভা ১৩৪টি। ফলে এক হাজার ৪০৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হওয়ার নজির স্থাপন করেছেন যশোরের বাঘারপাড়া পৌরসভার আবদুল হাই। আর তিন হাজারের কম ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন এমন পৌরসভার সংখ্যা অন্তত ৩০। কারণ, এসব এলাকার জনসংখ্যাই কম।স্থানীয় সরকার বিশেষজ্ঞরা এসব পৌরসভাকে ‘রাজনৈতিক পৌরসভা’ আখ্যা দিয়ে এগুলোর বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছেন। তাঁরা বলছেন, এসব পৌরসভার বেশির ভাগ পুনঃপল্লিকরণ প্রক্রিয়ার মাধ্যমে ইউনিয়ন পরিষদে ফিরিয়ে নেওয়া উচিত।বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে বগুড়ার গাবতলী, ধুনট ও কাহালু ইউনিয়ন পরিষদকে পৌরসভায় রূপান্তর করা হয়। গাবতলী পৌরসভার জনসংখ্যা ২০ হাজার ১৬৫। এখানে মেয়র নির্বাচিত হয়েছেন চার হাজার ৯৫৪ ভোট পেয়ে। কাহালুর জনসংখ্যা প্রায় ১৫ হাজার; মেয়র নির্বাচিত হয়েছেন দুই হাজার ৮১৮ ভোট পেয়ে। ধুনটের জনসংখ্যা ১৬ হাজারের মতো; এ জি এম বাদশা এক হাজার ৫৯৫ ভোট পেয়ে মেয়র হয়েছেন।১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াকে পৌরসভায় রূপান্তর করে। কোটালীপাড়ার জনসংখ্যা ১৪ হাজার ৯৯৫। সেখানে এক হাজার ৫৭০ ভোট পেয়ে মেয়র হয়েছেন ওয়াহিদুল ইসলাম হাজরা। টুঙ্গিপাড়ার জনসংখ্যা ১৫ হাজার ৫৩৫; দুই হাজার ৪৫০ ভোট পেয়ে মেয়র হয়েছেন ইলিয়াস হোসেন সরকার।আইন অনুযায়ী, পৌরসভা ঘোষণার জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, এ ধরনের এলাকার ক্ষেত্রে তা মানা হয়নি। রাজনৈতিক বিবেচনায় এমন অনেক ইউনিয়নকে পৌরসভা করা হয়েছে। তখনই এলাকাবাসী এর বিরুদ্ধে আন্দোলন করেছে, আদালতেও গেছে।পরিসংখ্যানে দেখা যায়, দেশের ৩১০টি পৌরসভার মধ্যে ১৭২টিই গঠিত হয়েছে ১৯৯০ সালের পর। এর মধ্যে বিগত চারদলীয় জোট সরকারের পাঁচ বছরে গঠিত হয়েছে ৫৬টি। এক জেলায় ছয়টি পৌরসভা করার নজিরও আছে। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেও প্রায় অর্ধশত নতুন পৌরসভা করা হয়। ২০০৪ সালে ১১৭টি পৌরসভায় নির্বাচন হয়েছিল। আর এবার ঘোষিত নির্বাচনে পৌরসভা ২৫৪টি। এ ছাড়া সীমানা নির্ধারণসহ নানা কারণে আটকে আছে আরও ৪৩টি পৌরসভার নির্বাচন। ১০ বছরে দেশে পৌরসভার সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। কিন্তু নাগরিক সুবিধা সৃষ্টির কোনো উদ্যোগ নেওয়া হয়নি।পৌরসভা হওয়ার যোগ্যতা: স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী, কোনো এলাকাকে পৌরসভা ঘোষণা করতে হলে কয়েকটি বিষয় নিশ্চিত হতে হয়। প্রথমত, এলাকার তিন-চতুর্থাংশ ব্যক্তিকে অকৃষি পেশায় নিয়োজিত হতে হবে; দ্বিতীয়ত, ৩৩ শতাংশ ভূমি অকৃষি প্রকৃতির হতে হবে; তৃতীয়ত, প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব এক হাজার ৫০০ এর কম হতে পারবে না; চতুর্থত, এলাকার জনসংখ্যা ৫০ হাজারের কম হবে না। কিন্তু শতাধিক পৌরসভা আছে, যেগুলোর ক্ষেত্রে এসব শর্ত মানা হয়নি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সরকারি ব্যয় পর্যালোচনা কমিশন দেশের ৭৩টি পৌরসভা বাতিলের সুপারিশ করেছিল।দুই হাজারের কম ভোট পেয়ে পৌর মেয়র: যশোরের বাঘারপাড়া পৌরসভায় এক হাজার ৪০৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আবদুল হাই। অথচ যশোর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মারিফুল ইসলাম তিন হাজার ৭৪৬ ভোট পেয়েও নির্বাচিত হতে পারেননি। নবনির্বাচিত মেয়র আবদুল হাই প্রথম আলোকে বলেন, ‘এ পৌর এলাকার মোট জনসংখ্যা ২০ হাজারের মতো। মানুষ মূলত কৃষির ওপর নির্ভরশীল। এ এলাকায় পৌরসভা হওয়ার কথা নয়। তবুও ২০০২ সালে প্রতিষ্ঠা করা হয়েছে।’শরীয়তপুরের ভেদরগঞ্জে আবদুল মান্নান হাওলাদার এক হাজার ৯৫১ ভোট পেয়ে মেয়র হয়েছেন।পৌরসভার বিরুদ্ধে আন্দোলন: চারদলীয় জোট সরকার ২০০৪ সালে রাজশাহীর মুণ্ডুমালাকে পৌরসভা ঘোষণা করে। এলাকাটির জনসংখ্যা আনুমানিক ২৪ হাজার, ৯০ শতাংশ লোক কৃষিকাজ করে—এসব তথ্য তুলে ধরে স্থানীয় আইনজীবী সাজেমান আলীর নেতৃত্বে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে পৌরসভাটি বাতিলের দাবিতে আন্দোলন হয়েছিল। এই দাবিতে জেলা প্রশাসক থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপিও দেওয়া হয়েছিল।সাজেমান আলী প্রথম আলোকে বলেন, এই এলাকা পৌরসভা হওয়ার যোগ্য নয়। মুণ্ডুমালা বাজার ছাড়া পুরোটাই গ্রাম এলাকা। এখানকার অধিকাংশ মানুষ গরিব। এখানে পৌরসভা হওয়ায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর, জমির খাজনা বেড়ে গেছে। দু-একটা গ্রামে সড়কবাতি গেছে। আর কোনো সুযোগ-সুবিধা পাননি তাঁরা।২০০৬ সালে আড়ানীকে পৌরসভা করা হয়। এর বর্তমান জনসংখ্যা ১৬ হাজার ৮৩০ জন। পৌরসভাটি বাতিল চেয়ে পৌর এলাকার কুশাবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম হাইকোর্টে রিট আবেদন করেন। এতে বলা হয়, পৌর এলাকার ৭৫ শতাংশ মানুষ কৃষিজীবী। কাজেই এই এলাকা পৌরসভা হতে পারে না।নাটোরের নলডাঙ্গাকে পৌরসভা ঘোষণা করা হয় ২০০৩ সালে। প্রত্যন্ত গ্রামের দুটি ইউনিয়ন নিয়ে গঠিত এই পৌরসভা হওয়ার পর এর বিরুদ্ধে আন্দোলন করেছিল এলাকাবাসী। এর অধিবাসী মাত্র ১১ হাজার ৫৭৫।একই সময়ে জেলার বাগাতিপাড়াকে পৌরসভা ঘোষণা করা হয়। নাটোরের বড়াইগ্রাম, বনপাড়াও গ্রাম এলাকা। এসব পৌরসভায় স্থাপনা বলতে একটি বাজার আছে। দুটি পৌরসভা আবার একই উপজেলায় (বড়াইগ্রাম) অবস্থিত।৭৩ পৌরসভা বাতিলের সুপারিশ: বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সরকারি ব্যয় পর্যালোচনা কমিশন দেশের ৭৩টি পৌরসভা বাতিলের সুপারিশ করেছিল। কিন্তু এরপর আর তার কোনো অগ্রগতি হয়নি।কমিশনের প্রধান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘তখন দেড় শর মতো পৌরসভা ছিল। কোনো নিয়ম-কানুন না মেনেই অনেক পৌরসভা করা হয়েছিল। একেবারে গ্রামের মধ্যে পৌরসভা করে দিয়েছে। আমরা অনেক পৌরসভা বাতিল ও নতুন পৌরসভা করা একেবারে বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছিলাম।’বিলুপ্ত স্থানীয় সরকার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি অনেকবার বলেছি, ৩১০টি পৌরসভার মধ্যে অর্ধেকের বেশি এলাকার পৌরসভা হওয়ার যোগ্যতা নেই। এগুলো রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে। পৌরসভা বলতে যা বোঝায়, ভবিষ্যতেও এ এলাকাগুলো সে পর্যায়ে পৌঁছাতে পারবে না। পরিকল্পিত আবাসন, পানি সরবরাহ, সড়কবাতির ব্যবস্থা এখানে হবে বলে মনে হয় না। অনেক পল্লি এলাকায় কেবল একটি বাজার আছে, সে এলাকাও পৌরসভা হয়ে গেছে। এগুলো বাতিল করে দিয়ে আগের অবস্থায় নিয়ে যেতে হবে।’এর কারণ হিসেবে তোফায়েল আহমেদ বলেন, এসব পল্লি এলাকা পৌরসভা হওয়াতে সরকারের টাকা অপচয় হচ্ছে। পৌরসভায় প্রশাসনিক ব্যয় বেশি হয়। অনেক পৌরসভার কোনো আয় নেই। সরকারের অনুদানের ওপর নির্ভর করতে হয় তাদের। যেহেতু গ্রামের বড় বাজারকে ঘিরে পৌরসভাগুলো হয়েছে, তাতে সংশ্লিষ্ট ইউনিয়নগুলো ওই বাজারের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এতে ইউনিয়ন পরিষদগুলোও স্বকীয়তা হারাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে।অনেক পৌরসভায় প্রয়োজনের অর্ধেক জনসংখ্যাই নেই: ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি গঠিত হয় ফরিদপুরের নগরকান্দা পৌরসভা। সরকারি হিসাবে নগরকান্দা পৌরসভার জনসংখ্যা ১৮ হাজার ৯৫৭।ফরিদপুরের আরেক পৌরসভা বোয়ালমারীর যাত্রা শুরু হয় ২০০০ সালের ২৪ এপ্রিল। এর মোট জনসংখ্যা ২৬ হাজার ৩৮৯।আবার পাবনার ফরিদপুর পৌরসভার (১৯৯৮ সালে প্রতিষ্ঠিত) জনসংখ্যা মাত্র ২২ হাজার ৩৫৩ জন। পৌরসেবা বলতে এখানে আছে কিছু সড়কবাতি, আর সড়কের পরিচ্ছন্নতা কার্যক্রম। একই সময়ে প্রতিষ্ঠিত সুজানগর পৌরসভার লোকসংখ্যা ২৫ হাজার, চাটমোহরের (প্রতিষ্ঠা ৯৫) ২৫ হাজার ও ভাঙ্গুরার (প্রতিষ্ঠা ৯৯) ৩০ হাজার। এসব পৌরসভায় নাগরিক সুযোগ-সুবিধা বলতে তেমন কিছুই নেই।গত জোট সরকারের আমলে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার জনসংখ্যা মাত্র ১৭ হাজার। কাজীপুরের জনসংখ্যা ১৬ হাজার।জেলার পাইকগাছা পৌরসভার জনসংখ্যা ১৫ হাজার ৯৫০, চালনার জনসংখ্যা ১২ হাজারেরও কম। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পৌরসভা দুটি গঠিত হয়।১৯৯৭ সালে প্রতিষ্ঠিত শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার জনসংখ্যা মাত্র ১০ হাজার। নাগরিক সেবা বলতে কেবল জন্ম সনদ ও নাগরিকত্ব সনদ বিতরণ করা হয় এখান থেকে। একই বছর প্রতিষ্ঠিত ডামুড্যা পৌরসভার জনসংখ্যা ২০ হাজার। পরের বছর প্রতিষ্ঠিত নড়িয়া পৌরসভার জনসংখ্যা ৩২ হাজারের কিছু বেশি।মৌলভীবাজার জেলার পাঁচ পৌরসভার মধ্যে চারটির জনসংখ্যাই ৫০ হাজারের কম। বড়লেখার জনসংখ্যা ৩৫ হাজার, কুলাউড়ার ৩৫ হাজার ৪১০, শ্রীমঙ্গলের ৩৪ হাজার ৬৮৭ ও কমলগঞ্জের জনসংখ্যা ১৪ হাজার ৫৮৮।যশোর জেলার আটটি পৌরসভার মধ্যে কেশবপুর, বাঘারপাড়া, মনিরামপুর ও চৌগাছার জনসংখ্যা ২০ থেকে ৩০ হাজারের মধ্যে।পৌরসভা আছে, সুযোগ-সুবিধা নেই: ২০০৩ সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত সুন্দরগঞ্জ পৌরসভায় রাস্তা আছে প্রায় ১০ কিলোমিটার। এর মধ্যে পাকা সড়ক আছে কেবল তিন কিলোমিটার। পৌরসভায় পাকা নালা আছে মাত্র ৪০০ মিটার। এলাকার জনসংখ্যা ৩০ হাজারের মতো।জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার রাস্তাঘাট খানাখন্দে ভরা। রাস্তায় নেই সড়কবাতি। অধিকাংশ এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। পৌরসেবা বলতে কেবল জন্ম নিবন্ধনের সনদ দেওয়া হয় এখানে।জয়পুরহাটের কালাই পৌরসভা হয় গত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে। এর জনসংখ্যা ২১ হাজার ৬৪২ জন। এখানে পানি সরবরাহ, পয়োনিষ্কাশনের ব্যবস্থা, গণশৌচাগার, পৌর পার্ক, কবরস্থান বা খেলার মাঠ নেই। ৪ দশমিক ৭৫ কিলোমিটার পাকা সড়ক আছে। আধা পাকা সড়ক আছে সোয়া পাঁচ কিলোমিটার। অর্থাভাবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ থাকে প্রায়ই।প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন: নিজস্ব প্রতিবেদক খুলনা, বগুড়া ও সিরাজগঞ্জ এবং ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, গাইবান্ধা, কালাই (জয়পুরহাট), শরীয়তপুর, মৌলভীবাজার ও যশোর প্রতিনিধি।