শতাব্দীর বিবেক সুফিয়া কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জাতীয় বিবেকরূপে সমাদৃত কবি সুফিয়া কামাল জন্মেছিলেন ১০ আষাঢ়, ১৩১৮ ‘পৃথিবীর এক আশ্চর্যময় রূপায়ণের কালে’। এই বছরের ১০ আষাঢ় তাঁর জন্মশতবর্ষ উদ্যাপিত হচ্ছে। আকাশ থেকে বর্ষার অঞ্জলি নিবেদিত হবে তাঁর উদ্দেশে। গাছে গাছে ফুটেছে তাঁর প্রিয় কদম ফুল তাঁরই জন্য। জাতির চোখ থেকে ঝরে পড়ছে অশ্রুধারা। শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমরা সবাই। জন্মদিনে তিনি নেই। শত বছরের এই দিনে তিনি নেই। আছে তাঁর রচিত কবিতার বাণী, মানুষকে সাহসী করার আশাবাদী প্রেরণামূলক তাঁর রচনাসম্ভার, আছে তাঁর সুদীর্ঘ জীবনের সংগ্রামী কর্মকাণ্ডের ইতিহাস। সেসব আমাদের পথ দেখায় ঠিক সময়ে ঠিক পথে চলার জন্য। তবু তাঁর অভাব বোধ আমাদের বিচলিত করে, নিঃসঙ্গ করে, বিষাদ-ভারাক্রান্ত করে। তাঁর জন্মশতবর্ষ আমাদের পরিপূর্ণ করে তোলে, কৃতজ্ঞভাজন করে—স্মরণ করিয়ে দেয় যে, তাঁর জন্ম না হলে আমরা পেতাম না আজকের বাংলাদেশের প্রতিবাদী প্রগতির ফল্গুধারা। তাঁর জন্মমুহূর্ত, জন্মদিন আমাদের কাছে পুণ্যময়। তাঁকে ঘিরে ঘটেছে সব সম্ভাবনা, প্রগতির সব অবিস্মরণীয় ঘটনা। দেশবাসীর, নারী-পুরুষ-তরুণ-শিশুর কল্যাণের জন্য অধিকার আদায়ের সংগ্রামে আজও তিনিই পথ দেখান। তিনি আছেন আমাদের সকলের অন্তরে, জীবনে, আনন্দে, বেদনায়। তিনি আছেন বাংলার ঘরে-ঘরে, নিসর্গে, আকাশে, মাটিতে, রাজপথে, গ্রামে-প্রান্তরে, নদীতে, সাগরে, পাহাড়ে। আজও আমরা তাঁকে পেতে চাই সব সংকটে, মঙ্গলে, সংগ্রামে—আশার পথ সন্ধানে। তিনি শুকতারার মতো, সন্ধ্যাতারার মতো, চাঁদের মতো, সূর্যের মতো—বটবৃক্ষের মতো বিরাজ করছেন। জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণীনির্বিশেষে এ দেশের সকল মানুষের জন্য তিনি আজও আশ্রয়-ভরসাস্থল। তিনি ছিলেন মানবতার দিশারি। তাঁকে ঘিরে আমরা স্বপ্ন দেখতে শিখেছিলাম, প্রতিবাদী হতে পেরেছিলাম; সোচ্চার হয়ে বলতে শিখেছিলাম ‘নারীর অধিকার মানবাধিকার’। বিগত ১০০ বছরের সব প্রগতির ধারা তাঁকে ঘিরে উন্মোচিত হয়েছে আমাদের সমাজে, মানুষের মনে, দেশের কল্যাণে। আগামী আরও শত শত বছর তাঁর আদর্শ, তাঁর বাণী, তাঁর মানবতার প্রেরণা আমাদের প্রগতির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে—সুফিয়া কামালের জন্মশতবর্ষে সেটাই আমাদের উপলব্ধি। বিবেকের সত্য ভাষণ তিনি স্পষ্টভাবে দিয়েছেন। মোহনীয়, সুন্দর, শান্ত, কমনীয় ব্যক্তিত্বের সুফিয়া কামাল আচরণে, কাজে বক্তব্যে ছিলেন ঋজু, দ্বিধাহীন। নানা সংগঠনের নেত্রী, কবি, সমাজ সংস্কারক, নারীর মানবাধিকার আন্দোলনের নেত্রী, রোকেয়ার আদর্শে বলীয়ান নেত্রী সুফিয়া কামাল ছিলেন মাতৃসমা-আদর্শের এক বিরল ব্যক্তিত্ব। তাঁর অবদান, তাঁর প্রতিভা আমাদের সমাজে যে ইতিবাচক ভূমিকা পালন করেছে তার মূল্যায়ন করতে গিয়ে আমরা তাঁর অভাব বোধে যেমন কখনো ভঙ্গুর হয়ে পড়ি, তেমনি পরক্ষণেই উদ্দীপ্ত হই তাঁরই চেতনার আলোকে। আমরা আবার স্বপ্ন দেখি, সুফিয়া কামাল আমাদের সমাজ-জাতি-মানুষকে পথ দেখিয়ে নিয়ে যাবেন আলোর মোহনায়।