শত্রু নিধনে চালকবিহীন বিমান বেছে নিচ্ছে যুক্তরাষ্ট্র
চালকবিহীন বিমান হামলায় ইয়েমেনে আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা আনোয়ার আল আওলাকি নিহত হওয়ার ঘটনা মার্কিন প্রশাসনকে একটি ব্যাপারে উত্সাহী করে তুলেছে। শত্রু নিধনে চালকবিহীন বিমান হামলায় সাফল্যই সেই উত্সাহের কারণ। যুক্তরাষ্ট্রের কাউন্সিল ফর ফরেন রিলেশনের ফেলো মাইকা জেঙ্কো নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘বড় যুদ্ধের শিক্ষা পরিষ্কার। এ জন্য যে রক্তপাত ও অর্থ ব্যয় হয়, তা অপরিমেয়। ফলাফল কী হবে তা আগাম বোঝা কখনই সম্ভব হয় না। এসব যুদ্ধে ঘরের সমর্থন তলানিতে গিয়ে ঠেকে। অন্যদিকে যাদের মুক্তির জন্য লড়াই করা হয়, তারাও আমাদের উপস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ওঠে।’ফলে মার্কিন কর্তৃপক্ষকে অন্য রকম ভাবতে হচ্ছে। নিউইয়র্ক টাইমস লিখেছে, যুক্তরাষ্ট্রের বাজেট কমে যাওয়ার কারণে দেশের বাইরে বিশাল সেনাবাহিনী পোষার ক্ষমতা আর নেই। এক হিসাবে দেখা গেছে, দেশের বাইরে প্রতিটি সৈনিকের জন্য মার্কিন সরকারের গড়ে ব্যয় হয় ১০ লাখ ডলার। এর চেয়ে চালকবিহীন বিমানের প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে তা শক্রর বিরুদ্ধে ব্যবহার করা অনেক সহজ। আওলাকিকে যে এলাকায় হামলা চালিয়ে হত্যা করা হয়েছে সেই জায়গাটি মার্কিন সেনাদের জন্যও বিপজ্জনক। তবে যে সামরিক কর্মকর্তারা চালকবিহীন বিমানের পক্ষে সওয়াল করতেন তাঁরা স্বীকার করেছেন—এটা দিয়ে সব কাজ হয়তো হবে না। চালকবিহীন বিমান হামলার ফল ও এর আর্থিক মূল্য মার্কিন নীতিনির্ধারকদের কৌশল পরিবর্তনে সাহায্য করছে।এ বিষয়টি যত সহজ ভাবা হয় বাস্তবে তা নয়। নিউইয়র্ক টাইমস লিখেছে, একটি চালকবিহীন বিমানের পেছনে ১৫০ ব্যক্তি জড়িত থাকে। এর মেরামত, রক্ষণাবেক্ষণ ছাড়াও ঘণ্টার পর ঘণ্টা লাইভ ভিডিও ও রেডিও সংকেত দেখে তাত্ক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তারা বলছেন, আকাশে নজরদারি ব্যবস্থা চালু রাখতে ব্যয় হয় ৫০০ কোটি ডলার। আগামী বছরের জন্য এ কাজে আরও ৫০০ কোটি ডলার বরাদ্দ চেয়েছে পেন্টাগন।মাইকা জেঙ্কো বলেন, এখন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে চালকবিহীন বিমান হামলাকেই মূল অস্ত্র হিসেবে ভাবা হচ্ছে। অথচ কয়েক বছর আগেও মনে করা হতো, সন্ত্রাস-কবলিত দেশে ঢুকে লড়াই করলে সুফল মিলবে। সাম্প্রতিক এই বিমান হামলার সাফল্যে ওবামা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা মনে করছেন, আল-কায়েদার উত্তরাধিকারীরা সব সময় তাদের নজরদারির মধ্যে থাকবে। কিন্তু ইতিহাস বলে সামরিক শক্তি প্রয়োগ করে সন্ত্রাসের অবসান সম্ভব নয়।