শত্রু পলিথিনের কবলে বন্ধু ঠোঙা
বস্তুটি সামান্য একটি কাগজের ঠোঙা। কিন্তু অধুনা প্রায় অবলুপ্ত বলে হাতে পেয়ে চমকিতই হলাম। খানিকটা স্মৃতিতাড়িতও। পাড়ার মুদিদোকানি খেজুরের গুড় তুলে দিয়েছেন কাগজের ঠোঙায়। এককালে মুড়িমুড়কি থেকে শুরু করে নুন-আটা-মসলার মতো সদাইপাতি ঠোঙায় করে খদ্দেরের হাতে তুলে দেওয়া হতো। বিজ্ঞানের অগ্রযাত্রায় অভ্যুদয় ঘটল পলিথিন ব্যাগের। তার বিপুল পরাক্রমে ঠোঙা দেখতে দেখতে উধাও।মুদিখানার ঠোঙা অনেক কাজের কাজি হলেও ‘মুড়ির ঠোঙা’ বলেই তার খেতাব জুটেছিল। এখন অবশ্য মুড়ির সেই হেলাফেলা অবস্থা নেই। মেশিনজাত হয়ে উঠে গেছে বায়ুনিরোধ পলিপ্যাকে। মান্ধাতা আমলের ঠোঙার সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই বললেই চলে। কিন্তু কার ভাগ্যে কখন যে উত্থান আর কখন যে পতন লেখা, সে এক বড়ই দুর্জ্ঞেয় রহস্য। ভালোই চলছিল পলিথিনের রমরমা। একসময় মুদিখানায় খুচরা পয়সার সওদা করলেও তা তুলে দেওয়া হতো ফিনফিনে, তুলতুলে পলিপ্যাকে। নানা মাপের, নানা রঙের পলিথিনের ব্যাগ আর মোড়কে বোঝাই হতে থাকল আবর্জনার ঝুড়ি। তারপর একদিন হইহই কাণ্ড রইরই ব্যাপার। শোনা গেল সর্বনাশ হয়ে গেছে! ওই সুদৃশ্য পলিপ্যাক তলে তলে পয়োনিষ্কাশন প্রণালি রুদ্ধ আর নর্দমা ভরাট ছাড়াও দূষিত করছে নদী, মাটি—সব। আলোচনা, সেমিনার আর আন্দোলনের ঠেলায় আইন করে পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করা হলো। বিকল্প হিসেবে চট, নেট আর কাগজের ব্যাগ চালু হলো ফের। যেন কপাল ফিরল অবহেলিত কাগজের ঠোঙারও।তবে শিগগিরই দেখা গেল, আইন হওয়ায় পরিস্থিতি কিছুটা এদিক-সেদিক হলেও পুরোপুরি সাবেকি অবস্থা আর ফিরল না ঠোঙার। প্রখ্যাত স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত—আইনের ফাঁক আছে। সেই ফাঁক গলেই বিশেষ করে কাঁচাবাজারে আবার ফিরে এল পলিথিন। এবং ব্যাগের আকার বদলে গেলেও (আইনকে কলা দেখাতে হাতল নেই) তার রমরমা মনে হচ্ছে সেই সোনালি দিনের মতোই। দুঃখের হলেও সত্যি, এত ক্ষতিকর পলিথিন আবার হাতে নিতে আমাদের বাধছে না। বরং ঠোঙাতেই যেন খানিকটা কুণ্ঠা।এই দূষণকবলিত জমানায় কাগজের ঠোঙা বা ব্যাগ পরিবেশবান্ধব বলে প্রশংসিত হয়েছে। তবে এর আরও একটি বিশেষ গুণের খবর দিয়েছিলেন রসজ্ঞ নারায়ণ গঙ্গোপাধ্যায়। তাঁর কাছে বিশ্বকোষতুল্য জ্ঞানের আকর বলে মনে হয়েছিল ঠোঙাকে। তিনি লিখেছেন: (সুনন্দর জার্নাল) ‘এককথায়, ঠোঙার মতো সুখপাঠ্য এবং এনসাইক্লোপিডিক সামগ্রী পৃথিবীর আর কুত্রাপি পাওয়া যাবে না।... সে মুহূর্তে মুহূর্তে—যাকে বলে বিদ্যুদ্ঘাতে—এক-একটি জ্ঞানের শিখায় আপনাকে উদ্ভাসিত করে তোলে। এই আপনি আধুনিক কবিতার কয়েকটি লাইন পড়ে চিন্তাকুল হলেন, আবার পাঁচ মিনিটের মধ্যেই হোমিওপ্যাথির আধ পাতা থেকে জানতে পারলেন—“ক্যালেকরিয়া ফসে”র সিমটম কী কী?’কৌতুহল হলো ঠোঙা প্রস্তুত করে জীবিকা নির্বাহ করতেন যাঁরা, তাঁদের হালহকিকত এখন কেমন? পুরান ঢাকার সূত্রাপুর বাজারে ঠোঙার আড়ত। কয়েকজন পাইকারি দোকানদার জানালেন, পলিথিন বন্ধের পর কিছুদিন এক থেকে দেড় শ কেজি বিক্রি হয়েছে প্রতিদিন। এখন বিক্রি হয় ২০-৩০ কেজি মাত্র। জানা গেল, আকার-প্রকার ভেদে ঠোঙার দাম কেজি ২৮ থেকে ৩৩ টাকা পর্যন্ত। আবার বাঁশপাতা কাগজের ঠোঙা বিক্রি হয় সংখ্যাগুনে।মিলব্যারাক পার হয়ে মিরেরবাগ স্কুলের পাশে দক্ষিণ কেরানীগঞ্জে ঠোঙা প্রস্তুতকারীদের আবাস। তাদেরই একজন শাজাহান মিয়া। মনে সুখ নেই তাঁর। অনেক টাকা আটকে আছে মহাজনদের কাছে। বিক্রি কম বলে অর্ডার তো কমে গেছেই, আবার টাকাও গেছে আটকে। জানালেন, আগে তাঁর এখানে ২০ জন কাজ করতেন, এখন আছেন পাঁচজন। কর্মীরা প্রতি শ ঠোঙা তৈরিতে চার টাকা মজুরি পান। ব্যবসায় তেমন লাভও নেই আজকাল। এখানে এই পেশায় জড়িত ছিলেন হাজারখানেক মানুষ। এখন আছেন মাত্র শ দুয়েক। তাঁরা জানালেন, মিরপুরেও এমন একটি বড় আকারের ঠোঙা নির্মাতা দল রয়েছে। তাদের অবস্থাও একই রকম।ঠোঙাজীবীরা ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করছিলেন, পলিথিনের আইন আবার চালু হবে কি না। যেভাবে পলিথিনে আবার বাজার ছেয়ে গেছে, তাতে তাঁদের ধারণা, পলিথিন নিষিদ্ধ করার আইনটিই হয়তো বাতিল হয়ে গেছে। আমি বিস্মিত হয়েছিলাম হঠাত্ কাগজের ঠোঙা হাতে পেয়ে, তাঁরা হলেন আইনটি বলবত্ আছে জেনে।