শত্রুমুক্ত হলো সালদা নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযান১২ নভেম্বর, ১৯৭১। সকাল সাতটা। সুবেদার ওহাব জরুরি আলোচনার জন্য মঙ্গল মিয়া, বেলায়েত হোসেন, শহীদ ও সামছুল হককে ডেকে পাঠালেন। সুবেদার ওহাব বললেন, সালদা নদীতে শত্রুর প্রতিরক্ষা অবস্থানে আক্রমণ করতে হবে। এ নিয়ে কারও মধ্যে দ্বিমতের লক্ষণ দেখা গেল না। এখন ব্যাটালিয়নের অধিনায়ক মেজর গাফ্ফারের সম্মতি দরকার। বেলা ১১টার মধ্যে সম্মতি আদায়ের জন্য ওহাব গেলেন কোনাবনের দিকে। গাফ্ফার সম্মতি দিলেন। আক্রমণ হবে ১৩ নভেম্বর ভোর চারটায়।যথাসময়ে আক্রমণ শুরু হলো। ৭ ও ৯ নম্বর প্লাটুনের সেনারা কিছুটা বিপাকে আছেন। তাঁদের সামনে শত্রুর অবস্থান খুবই শক্তিশালী। ৮ নম্বর প্লাটুনে বরং মুক্তিবাহিনীর এগোনোর সুযোগ আছে। ওহাব লক্ষ্য করেছেন, এখানে শত্রু একদিকে ঘেঁষে আছে। তিনি দৌড়ে ৭ নম্বর প্লাটুন ছেড়ে ৮ নম্বর প্লাটুনে চলে এলেন। এই প্লাটুনের সেনারা স্ট্যান্ডিং পজিশনে এগোনোর চেষ্টা করছেন। ওহাব চিৎকার করে বললেন, ‘আড়ালে গিয়ে ক্রলিং করে এগিয়ে যাও।’ তাঁর দলে আছে ৮৩ মিমি রকেট লঞ্চার, দুই ইঞ্চি মর্টার এবং ৬০ মিমি মর্টার। এসব অস্ত্র দিয়ে শত্রুর অবস্থান দেখে দেখে গোলা নিক্ষেপ করা হচ্ছিল।ইতিমধ্যে রকেট লঞ্চারের গোলার আঘাতে শত্রুর কয়েকটি বাংকার উড়ে গেছে। ওহাব ওয়্যারলেসে বাংলাদেশ বাহিনীর প্রথম গোলন্দাজ দল ‘মুজিব ব্যাটারি’র কমান্ডার মেজর আবদুল আজিজ পাশাকে গোলা নিক্ষেপের অনুরোধ জানালেন। গোলন্দাজের গোলা পৌঁছাল। ওহাব শত্রুর অবস্থান জানিয়ে গোলার কানেকশন দিয়ে যাচ্ছেন। নিখুঁতভাবে গোলা ফেলায় শত্রুর বাংকার একের পর এক ধূলিসাৎ হচ্ছে।মুক্তিবাহিনী খুব সাবধানে ধাপে ধাপে সামনে এগোচ্ছে। ওহাব নিজের পজিশন আরও শক্তিশালী করছেন। তাঁকে সাহায্যের জন্য সেকেন্ড লেফটেন্যান্ট জামিলউদ্দিন যুক্ত হয়েছেন। ৭ নম্বর প্লাটুনের সেনাদের নিয়ে মঙ্গল মিয়াও চলে এসেছেন।প্রতিটি প্লাটুন একটু একটু করে শত্রু অবস্থানের আরও কাছাকাছি চলে আসছে। ১০৬ মিমি রিকয়েললেস রাইফেল, ৮৩ মিমি রকেট লঞ্চার, ৬০ মিমি মর্টার ও দুই ইঞ্চি মর্টারগুলো নিখুঁতভাবে শত্রুর বাংকারে গোলা ফেলছে। মুজিব ব্যাটারির সইও নিখুঁত। হঠাৎ দেখা গেল, শত্রুরা প্রতিরক্ষা অবস্থান ফেলে রেললাইন ধরে দক্ষিণে মনোয়ারা গ্রামের দিকে পালাচ্ছে। ওহাব সঙ্গে সঙ্গে তাঁর বাহিনীকে নদী পার হয়ে পশ্চিম দিক থেকে শত্রুর অবস্থানে উঠে পড়ার নির্দেশ দিলেন। মুক্তিবাহিনী স্ট্যান্ডিং পজিশনে ফায়ার করতে করতে এগিয়ে যাচ্ছে।সকাল সাতটার মধ্যেই সালদা নদীর প্রতিরক্ষা অবস্থানের পতন হলো।পাল্টা আক্রমণের আশঙ্কায় ওহাব সবাইকে শত্রুর ফেলে যাওয়া বাংকারগুলোতে প্রতিরক্ষা অবস্থানে যাওয়ার আদেশ দিলেন। বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্রশস্ত্র ও রেশন ফেলে পালিয়েছে ওরা। মূল প্রতিরক্ষা অবস্থানে ৫০ জন সেনাকে রেখে বাকিদের আশপাশের প্রতিরক্ষার জন্য সাজানো হলো। ছোট ছোট কয়েকটি দলকে শত্রুর সম্ভাব্য আক্রমণপথে অ্যামবুশের কাজে লাগানো হলো।সালদা নদী এখন অবমুক্ত, শত্রুমুক্ত। খবর পেয়ে অসংখ্য মুক্তিযোদ্ধা এসে সুবেদার ওহাবের প্রতিরক্ষা অবস্থানে যোগ দিয়েছেন। বিকেলের মধ্যে মুক্তিবাহিনীর শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা দাঁড়িয়ে গেল। সন্ধ্যার দিকে ওহাব জব্দ করা মালামাল মন্দভাগ এলাকায় নিয়ে যাওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের খবর দেন। ১৪ নভেম্বর সকাল ছয়টার মধ্যে ৫০০-এর মতো লোক জমায়েত হলো। এরা মালপত্র বয়ে নিয়ে যাবে মন্দভাগ রেলস্টেশনে। টানা দুপুর ১২টা পর্যন্ত মালামাল বহনের কাজ চলল।বেলা একটার দিকে পাকসেনাদের একটি শক্তিশালী দল সালদা নদীর গোডাউন এলাকা হয়ে তাদের প্রতিরক্ষা অবস্থান পুনরুদ্ধারের জন্য এগিয়ে আসে। মুক্তিযোদ্ধাদের গুলির মুখে অচিরেই তারা পিছু হটে। পালানোর সময় তারা এলোপাতাড়ি গুলি চালাল। হঠাৎ একটা গুলি এসে লাগল সুবেদার বেলায়েতের বুকে। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। জীবন দিলেন দেশের জন্য। স্বপ্নের স্বাধীনতা নিজের চোখে তাঁর দেখা হলো না।শত্রুবাহিনী পালিয়েছে। এর আগে একাধিক আক্রমণ করেও সালদা নদী অবমুক্ত করা যায়নি। এবার সুবেদার ওহাব মাত্র এক কোম্পানি সেনা নিয়ে এ ক্ষেত্রে সফল হলেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি সফলতম যুদ্ধগুলোর একটি।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস (সেক্টর-দুই)—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা