পুরো নাম : শন এডওয়ার্ড মার্শডাকনাম : এসওএসজন্ম : ৯ জুলাই, ১৯৮৩, নারোজিন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াউচ্চতা : ৬ ফুটপ্রিয় ও অন্যান্যশৈশব আদর্শ : স্টিভ ওয়াহক্রিকেটার : মার্ক ওয়াহ জাস্টিন ল্যাঙ্গারমাঠ : ওয়াকা, পার্থসংগীতশিল্পী : এনরিকে ইগলেসিয়াস, জন মেয়ার, বিয়ন্স নোয়েলসচলচ্চিত্র : শশাঙ্ক রিডেম্পশন, দ্য মিস্টশখ : রান্না করাটিভি শো : মাস্টার শেফ অস্ট্রেলিয়াবিখ্যাত বাবার ছেলে হওয়ার সুবিধা যেমন আছে, আছে অনেক যন্ত্রণাও। এর সঙ্গে শন মার্শের পরিচয় হলো ছোটবেলায় পাওয়া ডাকনামে—‘এসওএস’। এসওএস বলতে যা বোঝায়, সেই জরুরি বার্তা-সংক্রান্ত কিছু নয়। বাবা জিওফ মার্শের ডাকনাম ‘সোয়াস্পি’। বাবার হাত ধরে নিয়মিত মাঠে যাওয়া জুনিয়র মার্শের নাম হয়ে গেল ‘সান অব সোয়াম্পি’—সংক্ষেপে এসওএস!বাবার খুব ন্যাওটা ছিলেন শন। বাবাও প্রায় সব সফরেই নিয়ে যেতেন ছেলেকে। সেই সুবাদেই লর্ডসের ড্রেসিংরুমে ঢুকেছিলেন ছয় বছর বয়সেই, বাবার সঙ্গে সেবার অ্যাশেজ জয় করেও ফিরেছিলেন। দেশের মাটিতে তো অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে শন ছিলেন নিয়মিত মুখ। রক্তে তো ক্রিকেট ছিলই, তার ওপর এমন ক্রিকেটীয় আবহে বড় হয়েছেন, বিশ্বসেরা তারকাদের কাছ থেকে দেখেছেন—শন মার্শ ক্রিকেটার না হলে সেটিই হতো আশ্চর্যের।ক্রিকেট-প্রতিভার প্রমাণ দিতে শুরু করেছিলেন ছোটবেলা থেকেই। স্কুলে থাকতেই বাবার কাছ থেকে পেয়েছিলেন দারুণ একট সার্টিফিকেট, ‘ওর হাতে আমার চেয়েও বেশি শট আছে।’ স্কুল ক্রিকেটে শন ছিলেন বোলারদের আতঙ্ক। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দল হয়ে অনায়াসে জায়গা পেয়ে যান অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলেও। ১৬ বছর বয়সে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (২০০০ সালে) খেলে হয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। পরের বছরই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। খেলেছেন পরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (২০০২)। ২০০৩ সালে মার্ক ওয়াহকে টানা দুটি ছয় মেরে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। স্টিভ ওয়াহ বললেন, ‘তুমি স্পেশাল ট্যালেন্ট, স্রেফ পরিশ্রম করে যাও।’তত দিনে বলাবলি হচ্ছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘নেক্সট বিগ থিং’ শন মার্শ। ল্যাঙ্কাশায়ার লিগে হাজারের বেশি রান করে এলেন। কিন্তু পথচলা এতটা মসৃণ ছিল, সবকিছুই সহজে হয়েছে যে তাঁর আদর্শ স্টিভ ওয়াহর পরামর্শটাই ভুলে গেলেন। কষ্ট করতে একটুও ভালো লাগত না। সঙ্গে যোগ হলো অতিরিক্ত অ্যালকোহল আর নাইটক্লাব-প্রীতি। পথ হারাতেও সময় লাগল না। প্রতিভার জোরে মাঝেমধ্যে দারুণ দু-একটি ইনিংস খেলেছেন, কিন্তু ধারাবাহিকতা ছিল না একটুও। প্রিয় বাবাও পারছিলেন না পথে ফেরাতে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার আরেক অসাধারণ প্রতিভা লুক পমার্সবাখ তখন শনের সবচেয়ে প্রিয় বন্ধু, অনুশীলনের চেয়ে পার্টি করার দিকেই দুজনের বেশি ঝোঁক। ২০০৭ সালে রাতভর পার্টি করার জন্য দুজন নিষিদ্ধ হলেন দুই ম্যাচ।শনের জীবনের মোড় পাল্টে দিল ওই ঘটনা। অনেক সাহায্য করেছেন সে সময় রাজ্যদলের কোচ টম মুডিও। ওই মৌসুমেই দলের সর্বোচ্চ রান এল শনের ব্যাট থেকে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারও হলেন। নিলাম তালিকায় না থাকলেও মুডি তাঁকে নিয়ে এলেন আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাবে। প্রথম চার ম্যাচ না খেলেও সর্বোচ্চ রান করে জিতলেন ‘অরেঞ্জ ক্যাপ’। অনেকের ধারণা, আইপিএলের পারফরম্যান্সেই জাতীয় দলে ঢুকেছেন। তবে ঘটনা হলো, আইপিএলের আগেই ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন। তবে এটা ঠিক, আইপিএল তাঁকে রাতারাতি আলোয় এনেছে।অভিষেক ওয়ানডেতে ম্যাচ-সেরা, জায়গাও পাকা হলো দ্রুতই। অপূর্ণতা তবু থেকেই যাচ্ছিল। বাবার ব্যাগি গ্রিন ক্যাপটায় খুব লোভ ছিল তাঁর, তবে কখনো মাথায় তোলেননি। বলতেন, নিজের মাথায় নিজেরটাই পরব। ওয়ানডে অভিষেকের তিন বছর পর গত সেপ্টেম্বরে পূরণ হলো সেই স্বপ্ন। ছেলের হাতে ব্যাগি গ্রিন তুলে দিতে অস্ট্রেলিয়া থেকে শ্রীলঙ্কায় উড়ে এলেন বাবা। ম্যাচের আগের দিন বাবাকে একটা টেক্সট মেসেজ পাঠালেন, ‘অভিষেক সেঞ্চুরির স্বপ্ন দেখছি।’ তিন দিন পর বাস্তবে রূপ দিলেন স্বপ্নকে।কদিন আগে পূরণ হয়েছে আরেক স্বপ্ন, ৮ বছরের ছোট ভাই মিচেল মার্শের সঙ্গে একসঙ্গে খেলেছেন অস্ট্রেলিয়া দলে। দুই ভাইয়ের মাঝে এক বোন মেলিসা মার্শ বাস্কেটবল খেলোয়াড়, খেলেন দেশের শীর্ষ লিগে। মেলিসা আবার ব্যক্তিগত জীবনে জুটি বেঁধেছেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার শন আরভিনের সঙ্গে। একসময়ের ‘পার্টিম্যান’ এখন পুরোপুরি ‘ফ্যামিলিম্যান’। বান্ধবী অ্যামান্ডা ওয়াটসন, ভাইবোন আর বাবার সঙ্গে অবসর কাটাতেই বেশি ভালোবাসেন। হারানো সময়টার জন্য আক্ষেপ কিছু আছে, তবে হতাশা নেই। তাকাতে চান সামনে। তাঁর নিজের ভাষায়, ‘এখন আমি আগের চেয়ে ভালো ক্রিকেটার, আগের চেয়ে অনেক ভালো মানুষ।’ আরিফুল ইসলাম