স্ত্রীর লাশ শনাক্ত হয়েছে শুনে ফোনের অপর প্রান্তে থাকা আনসার হোসেন কেঁদে ফেললেন। তাঁর স্ত্রী রায়হানা খাতুন ও স্ত্রীর বোন নাজমা বেগম ছিলেন আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেডের পাঁচতলায় সুইং অপারেটর। গত বছরের ২৪ নভেম্বর ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।সন্তানদের ডিএনএ নমুনা পরীক্ষা করে রায়হানা ও নাজমার লাশ শনাক্ত করা হয়েছে। এ দুজনের মতো ওই কারখানার নিখোঁজ আরও ৩৫ জনের লাশও শনাক্ত করেছে জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার পর শনাক্ত করতে না পারা যে ৫৩ জনের লাশ রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে, তাঁদের মধ্যে এই ৩৭ জনও রয়েছেন। তবে ৫৯ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল এই ল্যাবরেটরি। ওই অগ্নিকাণ্ডে মোট নিহত হন ১১১ জন।ঢাকা মেডিকেল কলেজে স্থাপিত এই ল্যাবরেটরির প্রধান শরীফ আক্তারুজ্জামান গতকাল মঙ্গলবার ডিএনএ বিশ্লেষণের সারসংক্ষেপ শ্রম মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। তবে এখানে ডিএনএ নমুনাদাতার সঙ্গে লাশের নম্বর মিলিয়ে প্রতিবেদন করা হয়েছে। মন্ত্রণালয় লাশের নম্বর মিলিয়ে নিখোঁজের নাম-ঠিকানা বের করবে।শরীফ আক্তারুজ্জামান বলেন, এই ৫৯ লাশের খোঁজে ৪৬টি পরিবারের ৪৮ জন তাঁদের ডিএনএ নমুনা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৭ জনের ডিএনএর সঙ্গে ৩৭টি লাশের ডিএনএ মিলেছে। গবেষণাগারে লাশগুলোর নম্বর দিয়ে ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছিল। সেই নম্বর দিয়েই সারসংক্ষেপ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই নম্বর থেকে নিহতদের নাম জানা যাবে। যে ২২ লাশের সঙ্গে কারও ডিএনএ মেলেনি, পরবর্তী সময়ে তাঁদের শনাক্ত করার জন্য স্বজনেরা ডিএনএ নমুনা দিতে পারবেন। আবারও পরীক্ষা করা হবে। শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বলেন, শনাক্ত হওয়া মৃতদের স্বজনেরা ছয় লাখ টাকা করে পাবেন। যাঁদের লাশ শনাক্ত হয়নি, তাঁদের জন্য পরবর্তী সময়ে আরও পরীক্ষার সুযোগ থাকবে। ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির সারসংক্ষেপ প্রতিবেদন পাওয়ার পরই নিখোঁজদের তালিকা ধরে রায়হানার স্বামী আনসারকে ফোন করা হয় প্রথম আলো থেকে। তাঁর সঙ্গে থাকা নাজমার স্বামী আহেদুল ইসলামও লাশ শনাক্ত করার খবর পেয়ে তাঁর মতোই কেঁদে ফেলেন।আনসার জানান, তাঁর এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছেন। অভাবের কারণে ছেলে কারখানায় কাজ নিয়েছে। ক্ষতিপূরণের টাকা পেলে আশুলিয়া ছেড়ে রংপুরে গ্রামের বাড়ি ফিরে যাবেন।অজ্ঞাত হিসেবে দাফন হওয়া মোছাম্মৎ নার্গিসের লাশ শনাক্ত হওয়ার খবর জানানো হয় তাঁর বাবা খুলনার কয়রার ইলিয়াস সরদারকে। খবর শুনে তিনিও আবেগাপ্লুত হয়ে পড়েন।তাজরীনের হতাহতদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার নৃবিজ্ঞানী সায়দিয়া গুলরুখ বলেন, তাঁরা ওই এলাকায় ঘুরে এ পর্যন্ত ৬৮ জন নিখোঁজের তালিকা সংগ্রহ করেছেন। সংখ্যাটা আরও বাড়তে পারে।