শনিবার আঁকাআঁকির আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জহুরা ইসলাম থাকেন গুলশান-১ নম্বরে। গেল আগস্টের শেষ শনিবার তাঁর বাসায় গিয়ে দেখা যায়, দল বেঁধে ছবি আঁকা হচ্ছে। ফাঁকে ফাঁকে চলছে আড্ডা। সেই ঘরটার চারদিকে সোফা রাখা। এক পাশের সোফায় বসে চা-শ্রমিকের পিঠে করে চা-পাতা বহন করার ছবি আঁকছিলেন জেবা রশিদ চৌধুরী। জহুরা ইসলাম মশগুল ছিলেন বিমূর্ত চিত্রকর্ম নিয়ে। জুবায়দা মাহমুদ লতিফ, জলি হক, শারমিন সাইফুল্লাহও মগ্ন ছিলেন চিত্রকর্মে। কেউ আঁকছিলেন জলরঙে মাটির চুলায় গ্রাম্য মহিলার রান্না করার চিত্র। কেউবা দরিদ্র মা, শিশুকে বুকের দুধ খাওয়ানোর দৃশ্য আঁকছিলেন। কেউ ফুটিয়ে তুলছিলেন নিসর্গ।একদল পরিণত বয়সের মানুষের চিত্রকর্মচর্চায় নির্দেশনা দিচ্ছিলেন শিল্পী আনোয়ারুল হক পিয়ারু। ছবি আঁকা ও আড্ডার ওই আসরে শারমিন সাইফুল্লাহ ছাড়া বাকি সবাই পঞ্চাশোর্ধ। তবে ‘বয়স্ক’ শব্দটা তাঁরা সবাই খুব অপছন্দ করেন। নিজেদের চিরসবুজ ভাবেন। আড্ডা আর ছবি নিয়ে মেতে থাকতে পছন্দ করেন তাঁরা।একটু বেশি বয়স হলেই এ দেশে কেউ আর কাজ করতে চান না। শুয়ে-বসে সময় কাটাতে পছন্দ করেন।তবে ঢাকা শহরের ব্যতিক্রমী কিছু মানুষও আছেন, যাঁরা বয়সের সীমা মানেন না। চিরসবুজ, চিরতরুণ হিসেবে নিজেদের পরিচয় দেন তাঁরা। এই দলে আছেন জলি হক, জেবা রশিদ চৌধুরী, জহুরা ইসলাম, জুবায়দা মাহমুদ লতিফ ও শারমিন সাইফুল্লাহ। প্রতি শনিবার যেকোনো একজনের বাসায় সবাই মিলিত হয়ে ছবি আঁকেন। তবে মূল উদ্দেশ্য এটা হলেও ছবি আঁকার ফাঁকে ফাঁকে চলে খাওয়া আর আড্ডা। একেক দিন একেকজন খাবার বানিয়ে নিয়ে আসেন বাসা থেকে। খাবার খেয়ে চলে ওই খাবার নিয়ে আলোচনা-সমালোচনা। কত বিচিত্র বিষয় নিয়ে যে আলাপ হয়! সোনিয়া গান্ধী কেন যুক্তরাষ্ট্রে চিকিৎ সা করাতে গেলেন, মেসি এ সময়টাতেই কেন ঢাকায় এলেন, চল্লিশোর্ধ অজয় দেবগন ১৫ বছর বয়সের নায়িকার সঙ্গে সিনেমা করছেন—এমন নানা বিষয় উঠে আসে আড্ডায়।আড্ডা আর ছবি আঁকা নিয়ে মগ্ন মানুষগুলোকে দেখে মনে হতে পারে, তাঁদের কি ঘর-সংসার নেই? আসলে তা নয়, সবাই ঘরকন্না সামলে সময় করে আঁকাআঁকির স্কুলে আসেন। তাঁরা সবাই বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। যেমন—জেবা রশিদ চৌধুরী একাধারে সংগঠক ও শিল্পপতি। জুবায়দা মাহমুদ লতিফ একজন শিল্পপতি; হংকং মানজালা টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক তিনি। জলি হক একসময় অনেক কিছুর সঙ্গে জড়িত ছিলেন। তাঁর গড়া প্রতিষ্ঠান জলিস প্রিন্ট নিয়ে ব্যস্ত এখন। শনিবারের আসরের নবীন সদস্য শারমিন সাইফুল্লাহ একজন ইন্টেরিয়র ডিজাইনার। বয়স কম হলেও তিনি আসরে অন্য সদস্যদের সঙ্গ উপভোগ করেন। জহুরা ইসলাম একজন গৃহিণী। ঘর সাজিয়েছেন নিজের বাঁধাই করা ছবি দিয়ে।শনিবারের আসরের সবাই আঁকাআঁকি নিয়ে মগ্ন থাকেন। একজন শুধু আঁকার বিষয়ে নির্দেশনা দেন। তিনি বর্ষীয়ান চিত্রশিল্পী আনোয়ারুল হক পিয়ারু। শনিবার আসরের সূচনা কীভাবে, জানতে চাইলে জলি হক বলেন, ‘আমাদের এই আঁকার চর্চা শুরু হয় ১৯৮৫ সালের দিকে। আমরা আঁকাআঁকির ফাঁকে আড্ডা দিতাম। তখন অবশ্য এখন যাঁরা আছেন, তাঁদের কেউ ছিলেন না।’জলি হক জানালেন, তাঁদের আঁকা ছবি দিয়ে একটা প্রদর্শনী করার প্রস্তুতি চলছে। প্রদর্শনীতে সবার ছবি থাকবে। আসছে নভেম্বরের শেষ দিকে এ প্রদর্শনী করার প্রাথমিক চিন্তাভাবনা রয়েছে।আঁকাআঁকি ও আড্ডা সম্পর্কে চিত্রশিল্পী আনোয়ারুল হক পিয়ারু জানান, সবাই শখের আঁকিয়ে হলেও অনেক দিন আঁকাআঁকির কারণে তাঁদের কাজে একটা পরিপক্বতার ছাপ চলে এসেছে।