শনিবার গাড়ি-বাড়ির ঋণের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ অক্টোবর শনিবার। বিকেলবেলা। বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল অবকাশের ‘বানকুয়েট’ হলে তিল ধারণের ঠাঁই নেই। এখানে বসেছে গাড়ি-বাড়ি ঋণের মেলা। নগরে এই প্রথম এ ধরনের আয়োজন। এই মেলার আয়োজক এফএএস ফিন্যান্স। মেলায় আসা দর্শক ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখছেন। জেনে নিচ্ছেন ফ্ল্যাটের দরদাম। সবার দৃষ্টিই তৈরি ফ্ল্যাট ও গাড়ির দিকে।কেউ কেউ আবার জেনে নিচ্ছেন গাড়ি-বাড়ি কেনার জন্য ঋণসুবিধার আদ্যোপান্ত। এখানে খোঁজ মেলে গাড়ি-বাড়ির বিমার খুঁটিনাটি বিষয়। ছোট এই হলঘরের এক কোনায় বসেছে নিটল মোটরস লিমিটেডের একটি স্টল। এই স্টলে দেখা গেল উপচে পড়া দর্শক। কারণ, এখানে ভারতের টাটা ন্যানো গাড়ির ক্রেতা জরিপ (কাস্টমার সার্ভে) হচ্ছে। দর্শক বিপুল উৎসাহে তাঁদের নাম-ঠিকানা লিখে যাচ্ছেন নির্দিষ্ট ফরমে। নিটল মোটরসের দাবি, আগামী বছরের শুরুতে মধ্যবিত্তদের গাড়ির চাহিদা পূরণ করতে আমদানি করা হচ্ছে টাটা ন্যানো। সব মিলিয়ে ১২টি স্টল রয়েছে মেলায়।আয়োজক সূত্রে জানা গেছে, নগরের মধ্যবিত্তদের চাহিদার কথা ভেবেই এমন মেলার আয়োজন। সাধের সঙ্গে সাধ্যের মিশেল দেওয়ার জন্য মেলায় রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান গ্রাহকদের দিকে সেবার হাত বাড়িয়ে দিয়েছে। কেউ দিচ্ছে বাড়ির খোঁজ, কেউ বা গাড়ির। বাড়ি-গাড়ি কেনার জন্য যদি কারও টাকার প্রয়োজন হয়, তবে মিলবে তাৎক্ষণিক লোন। এসব গাড়ি-বাড়ির নিরাপত্তার জন্য বিমার সুব্যবস্থাও মিলবে এই মেলায়। এগুলো কেনার জন্য বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়া হচ্ছে এখানে। এ ছাড়া এই মেলায় দুটি টাটা গাড়ি প্রদর্শনের জন্য রাখা আছে। টাটার ট্রাক্টরের খুচরা যন্ত্রাংশও পাওয়া যায় মেলায়। গুলশান থেকে মেলায় ঘুরতে আসা তৈমুর রহমান বলেন, ‘ফ্ল্যাটের দরদাম জানার জন্য মেলায় এসেছি। বিভিন্ন ডেভেলপার কোম্পানি মেলা উপলক্ষে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে।’ ল্যান্ডটেক প্রপার্টিস লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস ইনচার্জ সায়মন আরাফাত জানান, মেলায় আসা দর্শকেরই রেডিমেড ফ্ল্যাটের দিকে আগ্রহ বেশি। কেউ চান ডাউন পেমেন্ট একটু কম হোক, কোনো কোনো ক্রেতা চান দীর্ঘ মেয়াদে কিস্তি পরিশোধ করতে। তবে সব ক্রেতাই চান নির্ঝঞ্ঝাটে গাড়ি-বাড়ি কিনতে। প্রতি শনিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেলা বসে এখানে। এই মেলা চলবে এক বছর।