শনিবার বিকেলের মধ্যে নৌশ্রমিকদের কাজে যোগ দিতে আবারও নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌশ্রমিকদের কাজে যোগদানের সময় আবারও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। কাল শনিবার বিকেল পাঁচটার মধ্যে মাস্টার, চালক, সুকানিসহ সব নৌশ্রমিককে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ শুক্রবার বিকেলে চলমান নৌ-ধর্মঘট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ ঘোষণা দেন। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এর আগে নৌশ্রমিকদের আজ শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে নিজ কর্মস্থলে (জাহাজে) যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছিল।এ ছাড়া লঞ্চ চলাচলে নাশকতা সৃষ্টিকারীদের শনাক্ত ও ঘটনা তদন্তে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফখরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিআইডব্লিউটিএর ম্যাজিস্ট্রেট তবিবুর রহমান ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের শফিক আউয়ুুব। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, নির্দেশ অমান্য করলে যেকোনো ঘটনার দায়-দায়িত্ব যারা ধর্মঘট ডেকেছে তাদের ওপরই বর্তাবে। এ ক্ষেত্রে সরকারের কোনো দায়-দায়িত্ব থাকবে না। তিনি দাবি করেন, নৌযান ধর্মঘট আইনবহির্ভূত। যারা ধর্মঘট ডেকেছে, তারা প্রত্যাহার করলেই কেবল আলোচনা হতে পারে বলে তিনি মন্তব্য করেন।প্রসঙ্গত, নৌযানে কর্মরত শ্রমিকদের জন্য সদ্য ঘোষিত বেতন কাঠামো সংশোধনসহ ২২ দফা দাবিতে ৭ মে থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশের নদীপথে ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা।