শনিবারের মধ্যে কারখানা খোলার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শনিবারের মধ্যে আশুলিয়ার বন্ধ ঘোষিত পোশাক কারখানাগুলো খুলে দিতে উদ্যোগ নিয়েছে শ্রম মন্ত্রণালয়। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করেছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। আজ বুধবার শ্রমিকদের সঙ্গে বৈঠক হবে।এদিকে আশুলিয়ার পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। কারখানাগুলো খুলে দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়।কয়েক দিনের শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য আশুলিয়া এলাকার সব তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ১১ জুন থেকে ওই অঞ্চলের শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন।গতকাল শ্রম মন্ত্রণালয়ে পোশাক কারখানার মালিকদের সঙ্গে বৈঠকের পর শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সাংবাদিকদের বলেন, আশুলিয়ার কারখানাগুলো চালু রাখার বিষয়ে শনিবারের মধ্যে সিদ্ধান্ত হবে। আজ এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে বৈঠক করবে মন্ত্রণালয়।শ্রম প্রতিমন্ত্রী বলেন, তিনি পোশাকশিল্পের মালিকদের কারখানা খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি শ্রমিকনেতাদের আন্দোলন বন্ধ করে কাজে যোগ দিতে বলেছেন। এ সময় পোশাকশিল্পের মালিকেরা প্রতিমন্ত্রীকে জানান, কোনো ধরনের বিক্ষোভ বা ভাঙচুর না করা হলেই তাঁরা কারখানা খুলে দেবেন। তাঁরা চান না কারখানা বন্ধ থাকুক। এ বিষয়ে সরকারের কাছ থেকে নিশ্চয়তা চান মালিকেরা।হাইকোর্টের রুল: এদিকে তিন শ্রমিকনেতার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আশুলিয়ার পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।পোশাক কারখানাগুলোর পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।কারখানা বন্ধের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহাবুবুর রহমান ইসমাইলসহ তিনজন শ্রমিকনেতা গতকাল হাইকোর্টে রিট আবেদনটি করেন। রিটে পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর দুই সভাপতি, শ্রমসচিব, বাণিজ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, শ্রম অধিদপ্তরের পরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়।রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজ্ঞ ড. কামাল হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী তানিম হোসেইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।শুনানিতে ড. কামাল হোসেন বলেন, ‘তিন শতাধিক কারখানা বন্ধ করে দেওয়া কোনো সমাধান হতে পারে না।’ আদালত বলেন, ‘কাল (আজ) তো একটি মিটিং আছে। দেখেন কী হয়।’ড. কামাল হোসেন বলেন, ৩০০ কারখানায় অবৈধ ধর্মঘট হয়নি। দেখা যাচ্ছে, কয়েকটিতে হয়েছে। এভাবে পাইকারিভাবে সব কারখানা বন্ধ করার সুযোগ আইনে নেই।সংলাপের তাগিদ জার্মানির: এদিকে তৈরি পোশাকশিল্পে অচলাবস্থা দূর করতে মালিক-শ্রমিক-সরকারের মধ্যে সংলাপের তাগিদ দিয়েছেন বিদায়ী জার্মান রাষ্ট্রদূত হোলগার মাইকেল। তিনি গতকাল বিকেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। জার্মানি বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান ক্রেতা।হোলগার মাইকেল বলেন, ‘আমি জার্মান ক্রেতাদের সঙ্গে কথা বলে জেনেছি, তাঁরা অত্যন্ত সতর্কতার সঙ্গে বাংলাদেশে এই শিল্পের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ ব্যাপারে তাঁরা খুব উদ্বিগ্ন।’