শপথ ঘিরে বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতির শপথ গ্রহণকে কেন্দ্র করে আজ রোববার বিএনপি ও জামায়াত-সমর্থক আইনজীবীরা আদালত এলাকায় অবস্থান সমাবেশ করেন। বিএনপি ও জামায়াত-সমর্থক আইনজীবীদের অভিযোগ, জ্যেষ্ঠতা লঙ্ঘন এবং ‘বিতর্কিত’ বিচারপতিদের নিয়োগ দেওয়া হয়েছে। আজ বেলা পৌনে ১১টার দিকে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন চার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক, ছিদ্দিকুর রহমান মিয়া, হাসান ফয়েজ সিদ্দিকী ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে শপথবাক্য পাঠ করান।প্রত্যক্ষদর্শীরা জানান, শপথ অনুষ্ঠান শুরুর আগে সকাল ১০টার দিক থেকে আদালত এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা। এক পর্যায়ে তাঁরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে দ্বিতীয় তলার সংযোগ সেতু দিয়ে আদালতে প্রবেশের ফটকে তালা লাগিয়ে দেন। সেখানে দুপুর একটা পর্যন্ত তাঁরা অবস্থান নিয়ে সমাবেশ করেন।এখানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন সভাপতি এ জে মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, বিদায়ী সভাপতি জয়নুল আবেদীন প্রমুখ অংশ নেন।