শপথ না নিলেও দেশ চালাতে পারবেন চাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ শপথ না নিয়েও আগামী বৃহস্পতিবার নতুন মেয়াদে দায়িত্ব নিতে পারবেন। ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর উদ্ধৃতি দিয়ে আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।ক্যানসারের চিকিত্সায় এখন কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে চিকিত্সাধীন চাভেজ। সেখানে তাঁর চতুর্থ দফা অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার-পরবর্তী নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার মতো তাঁর শারীরিক অবস্থা নেই।বিরোধীদলীয় নেতাদের মধ্যে অনেকের দাবি, চাভেজ দেশে না থাকায় পার্লামেন্টের স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ৩০ দিনের মধ্যে নতুন করে নির্বাচনের আয়োজন করা হোক।তবে বিরোধীদের এই দাবি নাকচ করেছেন ভাইস প্রেসিডেন্ট মাদুরো। তিনি বলেছেন, বৃহস্পতিবারই চাভেজের শপথ নিতে হবে এমন কোনো কথা নেই। তিনি তাঁর কার্যালয়ে সম্পূর্ণ অনুপস্থিত—এ কথা ঘোষণারও কোনো কারণ নেই। তাঁর আনুষ্ঠানিক শপথের বিষয়টি সুপ্রিম কোর্টে সমাধা হতে পারে। সুপ্রিম কোর্ট পরে কোনো একসময় চাভেজকে শপথ পাঠ করাতে পারবেন।বিরোধীদের উদ্দেশে মাদুরো বলেন, ‘চাভেজ এখনো প্রেসিডেন্ট। জনগণকে বিভ্রান্ত করবেন না। গণতন্ত্রকে শ্রদ্ধা করুন।’ গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে চাভেজ প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন।