শপথ নিচ্ছেন না তোফায়েল ও মেনন
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন না আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে দলের পলিট ব্যুরোর বৈঠক শেষে মেনন তাঁর যোগ না দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। অন্যদিকে তোফায়েলের যোগ না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা। দলের কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের রাশেদ খান বলেন, ‘আমাদের যে প্রত্যাশা ও দাবি ছিল, সরকার সেগুলো পূরণে ব্যর্থ হয়েছে।’ এক প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘অনেক প্রত্যাশা নিয়ে মহাজোট সরকারে যোগ দিয়েছিলাম। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। এই মুহূর্তে ওয়ার্কার্স পার্টি মহাজোটে থাকবে এবং বাইরে থেকে সরকারকে সব ধরনের সহায়তা করবে।’ আরেক প্রশ্নের জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘সরকারের কর্মকাণ্ড ও সিদ্ধান্তে যদি গুণগত কোনো পরিবর্তন হয়, তাহলে ভবিষ্যতে মন্ত্রিসভায় যোগ দেওয়ার বিষয়ে চিন্তা করে দেখা যেতে পারে।’