শপথ নিলেন চার বিচারপতি, বিএনপির সমর্থক আইনজীবীদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের অতিরিক্ত চার বিচারপতি আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তাঁদের শপথ বাক্য পাঠ করান। এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ১১ এপ্রিল রাষ্ট্রপতি ১৭ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। বিদায়ী প্রধান বিচারপতি ফজলুল করিম তাঁদের মধ্যে দুজন বিচারককে শপথ পড়াননি। আজ তাঁরা শপথ নিয়েছেন। এই দুই বিচারপতি হলেন—রুহুল কুদ্দুস ও মো. খসরুজ্জামান। তাঁদের শপথ না পড়ানোর জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আপত্তি জানানো হয়।এরপর ১ নভেম্বর রাষ্ট্রপতি ফরিদ আহমেদ ও নজরুল ইসলাম তালুকদারকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন।আজ শপথ অনুষ্ঠানের আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক ও বিএনপির সমর্থক আইনজীবীরা জাজেস লাউঞ্জে সামনে অবস্থান নেন। সে সময় তাঁরা স্লোগানও দিতে থাকেন। পাশাপাশি অবস্থানে থাকা সরকার সমর্থিত আইনজীবীরাও পাল্টা স্লোগান দেন।একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির সমর্থক আইনজীবীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তাঁরা আজ প্রতিবাদ সমাবেশ এবং কালো পতাকা উত্তোলনের ঘোষণা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আর্মড ফোর্সের সদস্যদের ডেকে আনা হয় । বেলা ১১টার দিকে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্টের কয়েকজন বিচারপতি পুলিশ প্রহরায় জাজেস লাউঞ্জে আসেন। এরপর শপথ অনুষ্ঠান শুরু হয়।শপথ অনুষ্ঠান শেষে সরকার সমর্থক আইনজীবীরা নতুন চার বিচারপতিকে শুভেচ্ছা জানান।