শপথ নিলেন নতুন চার বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া চার বিচারপতি শপথ নিয়েছেন। আজ সোমবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাঁদের শপথবাক্য পাঠ করান। এই চার বিচারপতি হলেন: মো. রুহুল কুদ্দুস, মো. খসরুজ্জামান, ফরিদ আহমেদ ও মো. নজরুল ইসলাম তালুকদার। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চারজন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ দেন। আইন মন্ত্রণালয় গতকাল রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।