শপথ নিলেন ফ্রাঁসোয়া ওলাঁদ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের সমাজতন্ত্রী নেতা ফ্রাঁসোয়া ওলাঁদ দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।শপথ নেওয়ার পর ওলাঁদ বলেন, ঋণসংকটসহ ফ্রান্স যেসব সমস্যার মোকাবিলা করছে, এসব ব্যাপারে তিনি পুরোপুরি অবগত আছেন।দায়িত্বভার বুঝে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ওলাঁদের জার্মানি যাওয়ার কথা। সেখানে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে ইউরোপীয় অঞ্চলের ঋণসংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন তিনি। বলা হচ্ছে, নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ওলাঁদ ইউরোপের ঋণসংকটের ঘূর্ণাবর্তে পড়ে যাবেন। এই সংকট মোকাবিলায় তাঁকে অনেক কাঠখড় পোড়াতে হবে মনে করছেন অভিজ্ঞজনেরা। ঋণসংকটের কারণে ইউরোপে এখন অস্থির সময় বিরাজ করছে। এ পরিস্থিতিতে ফ্রান্স ও জার্মানির সম্পর্কের ক্ষেত্রে ওলাঁদের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবার প্রত্যাশা।

খবরে বলা হয়, এলিসি প্রাসাদে শপথ নিয়ে আরও কিছু আনুষ্ঠানিকতা শেষ করেছেন ওলাঁদ। আজই তাঁর মন্ত্রিপরিষদের নাম ঘোষণা করার কথা। অর্থমন্ত্রী হিসেবে অভিজ্ঞ মধ্যপন্থী মিশেল সঁপা ও প্রধানমন্ত্রী হিসেবে জ্যাঁ-মার্ক আইরলতর নাম ঘোষণা করা হতে পারে।অনুষ্ঠান শেষে আজ দুপুরেই জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে দেখা করতে জার্মানের উদ্দেশে রওনা হবেন ওলাঁদ। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে তাঁর প্রথম বৈঠক হবে। এরপর যুক্তরাষ্ট্র সফর করবেন ওলাঁদ।৬ মে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে নিকোলা সারকোজিকে হারিয়ে প্রেসিডেন্ট হন ফ্রাঁসোয়া ওলাঁদ। ১৯৯৫ সালে ফ্রাঁসোয়া মিতেরার পর ওলাঁদই হলেন ফ্রান্সের প্রথম সমাজতন্ত্রী প্রেসিডেন্ট।