শপথ নিলেন সু চি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চি রাজধানী নেপিডোতে আজ বুধবার আইনপ্রণেতা হিসেবে শপথ নিয়েছেন। আল-জাজিরা টেলিভিশন অনলাইনে প্রচারিত খবরে এ কথা জানা যায়। এর মধ্য দিয়ে মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় নতুন যুগের সূচনা হলো। শপথ নেওয়ার আগে সু চি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নির্বাচিত এমপিরা নেপিডোর পার্লামেন্ট ভবনে যান। পার্লামেন্টে তাঁর এই যোগ দেওয়া মিয়ানমারের ইতিহাসে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা কি না—এমন এক প্রশ্নে জবাবে সু চি বলেন, ‘তা সময়ই বলে দেবে।’ গত ১ এপ্রিল দেশটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৩টিতে জয়ী হয় এনএলডি। তবে সাংসদদের শপথবাক্যে সামরিক জান্তা প্রণীত শব্দ সংবিধান ‘সুরক্ষার অঙ্গীকার’ নিয়ে আপত্তি ছিল এনএলডির। এ কারণে সু চি ও তাঁর দলের নির্বাচিত আইনপ্রণেতারা শপথ নিতে এবং পার্লামেন্টে যোগ দিতে অস্বীকৃতি জানান। তবে রাজনৈতিক সংকট এড়াতে এ সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে জানান সু চি। তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশার কারণে আমারা সিদ্ধান্ত বদল করেছি। ভোটাররা আমাদের পার্লামেন্টে দেখতে চান। এ জন্য তাঁরা আমাদের ভোট দিয়েছিলেন।’ ২০১০ সালে অনুষ্ঠিত বিতর্কিত পার্লামেন্ট নির্বাচন বর্জন করেছিল এনএলডি। তবে দেশটির নতুন সরকার রাজনৈতিক দলের নিবন্ধন আইনে সংস্কার করার পর মূলধারার রাজনীতিতে ফিরে আসে এনএলডি।