শপথ নিলেন হাইকোর্টের অতিরিক্ত ছয় বিচারক
হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ছয় বিচারক শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাঁদের শপথবাক্য পাঠ করান।শপথ নেওয়া বিচারকেরা হলেন আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আশীষ রঞ্জন দাস, সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হক, মো. বদরুজ্জামান বাদল, জাফর আহমেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. এজারুল হক আকন্দ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।সকাল সাড়ে ১০ থেকে ১১টা পর্যন্ত প্রধান বিচারপতি পর্যায়ক্রমে তাঁদের শপথ পাঠ করান।এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।গতকাল বুধবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ ছয়জনকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।