শপথ নিলেন ১৫ জন অতিরিক্ত বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১৭ জন অতিরিক্ত বিচারপতির মধ্যে ১৫ জন আজ রোববার শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম সকাল ১০টা ২০ মিনিট থেকে ১১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাঁদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতিরা উপস্থিত থাকলেও আপিল বিভাগের কোনো বিচারপতি এতে যোগ দেননি। আজ শপথ নিলেন এম ফারুক, শওকত হোসেন, এফ এম আর নাজমুল আহসান, কৃষ্ণা দেবনাথ, এ এন এম বশির উল্লাহ, আব্দুর রব, কাজী রেজা-উল হক, মো. আবু জাফর সিদ্দিকী, এ কে এম জহুরুল হক, জাহাঙ্গীর হোসেন, শেখ মো. জাকির হোসেন, হাবিবুল গণি, গোবিন্দ চন্দ্র ঠাকুর, শেখ হাসান আরিফ ও জে বি এম হাসান।১১ এপ্রিল রাষ্ট্রপতি জিল্লুর রহমান শপথ নেওয়ার দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে ১৭ জনকে নিয়োগ দেন। তবে আজ শপথ নিচ্ছেন তাঁদের ১৫ জন। শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার শওকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে প্রধান বিচারপতি আজ ১৫ জনের শপথবাক্য পাঠ করাবেন। ওই বিজ্ঞপ্তিতে রুহুল কুদ্দুস ও মো. খসরুজ্জামান ছাড়া রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত ১৫ জন অতিরিক্ত বিচারপতির নাম উল্লেখ করা হয়। নবনিযুক্ত ১৭ জন অতিরিক্ত বিচারপতির মধ্যে রুহুল কুদ্দুস জাসদ ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্রশিবিরের কর্মী আসলাম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনি এক নম্বর আসামি ছিলেন। এ মামলায় রুহুল কুদ্দুসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ অবস্থায় তাঁকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগের আগ মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি পুরোপুরি প্রত্যাহার না করে রুহুল কুদ্দুসসহ কয়েকজনের নাম অভিযুক্তদের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।আরেকজন নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতি মো. খসরুজ্জামান সুপ্রিম কোর্টে ভাঙচুরে অংশ নিয়েছিলেন, এমন ছবি পত্রিকায় ছাপা হয়েছে। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ এফ এম মেসবাহ উদ্দিনের জামাতা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তাঁকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু জোট সরকার তাঁর নিয়োগ স্থায়ী করেনি।