শপথ নিলেন ১৫ বিচারপতি
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ১৫ জন বিচারপতি শপথ নিয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন পর্যায়ক্রমে তাঁদের শপথবাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।১১ এপ্রিল সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে ১৫ জন বিচারপতিকে নিয়োগ দেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, শপথ গ্রহণের দিন থেকে তাঁদের নিয়োগ কার্যকর হবে।এই ১৫ জন বিচারপতি হলেন—বিচারপতি মো. ফারুক (এম ফারুক), বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি এফ এম আর নাজমুল আহসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি এ এন এম বশির উল্লাহ, বিচারপতি আবদুর রব, বিচারপতি কাজী রেজা-উল হক, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি এ কে এম জহিরুল হক, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি হাবিবুল গণি, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জে বি এম হাসান। জানা যায়, ২০১০ সালের ১১ এপ্রিল সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে দুই বছরের জন্য ১৭ জনকে নিয়োগ দেন। তাঁদের মধ্যে এই ১৫ জন অতিরিক্ত বিচারপতি হিসেবে একই বছরের ১৮ এপ্রিল শপথ নেন। অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৫ জন বিচারপতিকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে।