শপথ নিলেন ৫ নারী সাংসদ
সংরক্ষিত মহিলা আসনের পাঁচ নারী সাংসদ শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ তাঁদের শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।এ বছরই সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। গত ২৬ নভেম্বর রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বৈঠকে পাঁচ আসনের জন্য পাঁচজনের নাম চূড়ান্ত করা হয়। ৮ ডিসেম্বর এই পাঁচজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।১৩ ডিসেম্বর এই পাঁচজনকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয় গেজেট প্রকাশ করে।সংরক্ষিত মহিলা আসনের যে পাঁচজন নারী সাংসদ হিসেবে শপথ নিলেন, তাঁরা হলেন সাংবাদিক বেবি মওদুদ, আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম শাখার নেত্রী হাসিনা মান্নান ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ফজিলাতুন্নেসা বাপ্পী।