শপথ নিয়ে নিরপেক্ষতার অঙ্গীকার প্রণবের
জনগণের সেবায় নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার করেছেন ভারতের নতুন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আজ বুধবার দেশটির ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নিয়েছেন। শপথ-পরবর্তী প্রথম বক্তৃতায় তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জিকে শপথবাক্য পাঠ করান দেশটির প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়া। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ভারতের পার্লামেন্টের সেন্ট্রাল হলে শপথ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে স্বাধীনতার ৬৫ বছর পর ভারতের সর্বোচ্চপদে আসীন হলেন কোনো বাঙালি।শপথ-পরবর্তী বক্তৃতায় প্রণব মুখার্জি বলেন, ‘ভারতের জনগণ আমার ওপর যে সর্বোচ্চ দায়িত্ব অর্পণ করেছে, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই পরিচালিত হব। রাষ্ট্রপতি হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সংবিধান রক্ষা ও সমুন্নত রাখার দায়িত্ব আমার।’প্রণব মুখার্জি বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে আমি নিরপেক্ষ থাকব এবং চরম দরিদ্র জনগোষ্ঠীরা যাতে নিজেদের এ জাতিরই অংশ ভাবতে পারে, তা নিশ্চিত করব।’দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শপথ গ্রহণ উপলক্ষে প্রণব মুখার্জি কালো শেরওয়ানির সঙ্গে সাদা চুড়িদার পরেন। শপথ নেওয়ার আগে তিনি দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, লালবাহাদুর শাস্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় বিদায়ী রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং, লোকসভার স্পিকার মিরা কুমার, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা সেখানে উপস্থিত ছিলেন।গত ১৯ জুলাই ভারতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ২২ জুলাই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। বিরোধী জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) প্রার্থী পি এ সাংমার বিরুদ্ধে ওই নির্বাচনে প্রণব মুখার্জি বিপুল ভোটে জয়ী হন।প্রণব মুখার্জির জন্ম বর্তমান পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মিরাতি গ্রামে, ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা কামদাকিঙ্কর মুখার্জি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। তিনি অধুনালুপ্ত বিধান পরিষদের সদস্য এবং কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি ছিলেন।কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, ইতিহাস ও আইন বিষয়ে পড়াশোনা করেন তিনি। পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। এরপর কিছুদিন সাংবাদিকতা ও আইন পেশায়ও ছিলেন তিনি। বাবার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে একসময় রাজনীতিতে পদার্পণ করেন প্রণব।১৯৬৯ সালে রাজ্যসভার সদস্য হিসেবে প্রাতিষ্ঠানিক রাজনীতিতে প্রণব মুখার্জির যাত্রা শুরু। তারপর চারবার রাজ্যসভার সদস্য হন তিনি। মন্ত্রী হিসেবে প্রথম দায়িত্ব পান ১৯৭৩ সালে। ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন প্রণব। ১৯৮২ থেকে ১৯৮৪ পর্যন্ত পালন করেন অর্থমন্ত্রীর দায়িত্ব।১৯৮৪ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেহরক্ষীর গুলিতে নিহত হন। এ ঘটনার পর মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী হবেন বলে তখন অনেকেই আশা করছিলেন। তবে তখন সরকারের হাল ধরেন তাঁর ছেলে রাজীব গান্ধী।কিছুদিনের মধ্যেই রাজীবের সঙ্গে মতপার্থক্য দেখা দেয় প্রণবের। একপর্যায়ে কংগ্রেস ছেড়ে পৃথক দল গঠন করেন প্রণব মুখার্জি। তাঁর প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস রাজনীতির মাঠে সফলতা পায়নি। অবশেষে রাজীবের সঙ্গে মতপার্থক্য মিটিয়ে ১৯৮৯ সালে কংগ্রেসে ফেরেন তিনি।পাঁচ দশকেরও বেশি দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রতিরক্ষা, অর্থ, পররাষ্ট্র, রাজস্ব, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুদায়িত্ব সামাল দিয়েছেন প্রণব। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে নরসিমা রাও হয়ে মনমোহন সিংহ পর্যন্ত সব কটি কংগ্রেস সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি।১৯৯১ সালে তামিল জঙ্গিদের হাতে রাজীব নিহত হন। ওই ঘটনার পর নরসিমা রাওয়ের সরকারের আমলে গুরুত্বপূর্ণ যোজনা কমিশনের ডেপুটি চেয়ারপারসনের দায়িত্ব পান প্রণব।মুর্শিদাবাদের জঙ্গীপুর থেকে ২০০৪ সালে লোকসভায় প্রথম নির্বাচিত হন প্রণব মুখার্জি। সরকারি দায়িত্বের পাশাপাশি দলে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। বিশেষ করে গত দুই দশক ধরে জাতীয় স্তরে জোট রাজনীতির প্রেক্ষাপটে তাঁর ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।একনিষ্ঠ রাজনীতি ও দক্ষতার কারণে অনেক বছর ধরেই কংগ্রেস তাঁর ওপর নির্ভরশীল। অনেক সমস্যার সমাধানও তাঁর কাছে মিলেছে। তেলেঙ্গানা বা পাঞ্জাব সমস্যা, বিশ্ববাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তি, সারা দেশে অভিন্ন পণ্য ও পরিষেবা কর চালু করাসহ নানা ক্ষেত্রে তাঁর ওপরই চূড়ান্ত আস্থা রেখেছে কংগ্রেস দল ও সরকার।সরকারে দায়িত্বের পাশাপাশি প্রণব মুখার্জি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনা পরিষদে ছিলেন। ১৯৮৪ সালে ইউরোমানি সাময়িকী তাঁকে বিশ্বের অন্যতম সেরা অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত করে।প্রণব মুখার্জি অবসরে বই পড়েন ও বাগান করেন, বিশেষ করে রবীন্দ্রসংগীতসহ গানের প্রতি রয়েছে তাঁর ব্যাপক আগ্রহ। তাঁর প্রিয় খাদ্যের তালিকায় আছে মাছের ঝোল আর সাদা ভাত। ১৯৫৭ সালে শুভ্রা মুখার্জিকে বিয়ে করেন প্রণব। তাঁদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে আছেন। বড় ছেলে অভিজিত্ পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেসের একজন বিধায়ক (এমএলএ)।প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রিসভায় নেতৃত্ব দেওয়ার বেশ অভিজ্ঞতা আছে প্রণবের। তবে দ্বিতীয় থেকে কখনো প্রথম হয়ে ওঠা হয়নি তাঁর। এবার সে সুযোগ এল। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আজ তাঁর আসন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মিরাতি থেকে প্রণব মুখার্জির স্থান এখন রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবনে।