শপথ স্থগিত করার পক্ষে সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের নতুন মেয়াদে শপথগ্রহণ অনুষ্ঠান স্থগিত করার পদক্ষেপকে বৈধ বলে রুল দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভেনেজুয়েলার জাতীয় পরিষদ চাভেজের নতুন মেয়াদে শপথগ্রহণ অনুষ্ঠান স্থগিত করেছে। চাভেজের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় পরিষদ এ সিদ্ধান্ত নেয়। জাতীয় পরিষদ চাভেজকে সুস্থ হতে প্রয়োজনীয় সময় দিয়েছে। এতে আজ বৃহস্পতিবার চাভেজের পূর্বনির্ধারিত শপথগ্রহণ অনুষ্ঠান হবে না। ক্যানসারের চিকিত্সায় চাভেজ কিউবায় অবস্থান করছেন। সেখানে চতুর্থ দফার অস্ত্রোপচার শেষে ফুসফুসের মারাত্মক সংক্রমণ ও শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় ভুগছেন তিনি। এক মাস আগে সর্বশেষ অস্ত্রোপচারের পর এখনো তিনি জনসমক্ষে আসেননি। এ কারণে আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়া চাভেজের পক্ষে সম্ভব নয় বলে ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আগেই জানিয়েছেন।চাভেজ যথাসময়ে শপথ নিতে না পারায় এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে সুপ্রিম কোর্টে আবেদন করে বিরোধীরা।এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের সাত সদস্যের প্যানেল সর্বসম্মতভাবে চাভেজের নতুন মেয়াদে শপথগ্রহণ অনুষ্ঠান স্থগিত করার পদক্ষেপকে বৈধ বলে রুল দিয়েছেন। সুপ্রিম কোর্টের চেয়ারম্যান লুইসা এস্তেলা মোরালেস টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এসব কথা জানান। বিবৃতিতে মোরালেস বলেন, চাভেজের কিউবায় চিকিত্সা নেওয়া অবস্থাকে অবৈধ অনুপস্থিতি হিসেবে বিবেচনা করাটা হবে অযৌক্তিক।মোরালেস বলেন, চাভেজের নতুন মেয়াদে শপথগ্রহণ পরে কোনো এক তারিখে নেওয়া যাবে। সংবিধান অনুসারে চাভেজের পুনর্নির্বাচন তাঁর সরকার অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছে।দেশটির বিরোধীদলীয় নেতা হেনরি ক্যাপরিলেস সুপ্রিম কোর্টের এই রুল মেনে নিয়েছেন। তবে তিনি বলেছেন, ভেনেজুয়েলা অনিশ্চয়তা থেকেই গেল। অসুস্থ প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানাতে আজ সমাবেশ আহ্বান করেছেন চাভেজের সমর্থকেরা।