শফিউলের কফিনে মনিরের লাশ
তিন দিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভাই শফিউল আজমের লাশের অপেক্ষায় ছিলেন আবদুল হাদী। আজ বৃহস্পতিবার লাশ পেয়েই বিমানবন্দর থেকে সরাসরি সাভারের বাসায় নিয়ে যান। দাফনের প্রস্তুতি চূড়ান্ত। কিন্তু কফিন খুলে দেখা গেল লাশটি অন্যজনের। পরে জানা যায়, লাশটি বরগুনার মনিরুজ্জামানের (২৬)।আজ ভোরে রিক্রুটিং এজেন্সি বেঙ্গল টাইগার ওভারসিজের মাধ্যমে গ্রিস থেকে তিন বাংলাদেশির লাশ দেশে আসে। কাগজপত্র অনুযায়ী এই তিনজন হলেন বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের মাহাব আলীর ছেলে মোহন কামাল, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ধর্মকান্দি গ্রামের নুরুল হকের ছেলে ফরিদ খলিফা ও সাভারের ব্যাংক কলোনির ‘এ’ ব্লকের বাসিন্দা আবদুল আজিজের ছেলে শফিউল আজম।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, কফিনের সঙ্গে আসা কাগজপত্র ও পাসপোর্টটি শফিউলের হলেও লাশটি তাঁর ছিল না। পরে বিষয়টি রিক্রুটিং এজেন্সি বেঙ্গল টাইগার ওভারসিজকে জানানো হলে তাঁরা লাশটি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখে।সন্ধ্যায় লাশটি মনিরুজ্জামানের বলে শনাক্ত করেন তাঁর ভাই নজরুল ইসলাম। নজরুল প্রথম আলোকে জানান, গ্রিসে যাওয়ার জন্য জাহাজে ওঠার পর মনিরুজ্জামান বাড়িতে ফোন করেন। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ কারণে তাঁরা কয়েক দিন ধরেই রিক্রুটিং এজেন্সিতে গিয়ে ধরনা দিচ্ছিলেন। গতকাল বিকেলে তাঁরা বেঙ্গল টাইগারের অফিসে গেলে একটি অজ্ঞাতপরিচয় লাশের বিষয়ে জানতে পারেন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে ভাইয়ের লাশ শনাক্ত করেন।শফিউলের ভাই হাদী প্রথম আলোকে বলেন, শফিউল আজম ২০০৯ সালে দাইয়ু কোম্পানিতে কাজ নিয়ে লিবিয়ায় পাড়ি দেন। রাজনৈতিক সংঘাত শুরু হলে জাহাজে করে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে শফিউলসহ আরও কয়েকজন হানিয়া নৌবন্দরের কাছে সাগরে লাফিয়ে পড়েন। অন্য বাংলাদেশিরা বাড়িতে ফোন করে খবর দেন যে শফিউলসহ তিন বাংলাদেশি মারা গেছেন। নিখোঁজ হন আরও ১১ জন। এর পর থেকে তাঁরা লাশের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু শফিউলের কফিনে এসেছে মনিরুজ্জামানের লাশ।মনিরুজ্জামানের পারিবারিক সূত্র জানায়, দেড় বছর আগে দাইয়ু কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের কাজ নিয়ে লিবিয়ায় যান মনিরুজ্জামান। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ।শফিউলের ভাই হাদী প্রথম আলোকে বলেন, ‘এখন আমাদের আরও অপেক্ষা করতে হবে। শফিউল বেঁচে আছে, নাকি নিখোঁজ অন্যদের মধ্যে আছে তা বুঝতে পারছি না।’