শফিকুল কবির ও তাঁর মেয়ে-জামাই জামিনে ছাড়া পেলেন
ফারজানা রিতা ও তাঁর দুই সন্তানের প্ররোচিত আত্মহত্যা মামলার আসামি সাংবাদিক শফিকুল কবির জামিনে ছাড়া পেয়েছেন। একই সঙ্গে তাঁর দুই মেয়ে সুখন কবির ও কবিতা কবির এবং কবিতার স্বামী দেলোয়ার হোসেন পাটোয়ারীকেও জামিন দিয়েছেন আদালত।গত বুধবার আলোচিত এই মামলার আসামিরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। নিহত ফারজানার শাশুড়ি ও সাংবাদিক শফিকুল কবিরের স্ত্রী নূর বানু এর আগেই জামিন পেয়েছিলেন।ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, শফিকুল কবির ও তাঁর পরিবারের লোকজন উচ্চ আদালত থেকে জামিন পেয়ে মুক্তি লাভ করেন। এ মামলার আসামি শফিকুল কবিরের ছেলে রাশেদুল কবির, তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি এখনো জেলে।সূত্র জানায়, শফিকুল কবির ও তাঁর পরিবারের সদস্যদের গত ২১ জুন র্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। এরপর গোয়েন্দা পুলিশ রিমান্ডে এনে তাঁদের কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে।গত ১১ জুন জুরাইনের আলমবাগের বাসা থেকে ফারজানা কবির রিতা (৩৫), তাঁর ছেলে ইশরাক কবির পবন (১৩) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের (১১) লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে রিতা তাঁদের আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়ালে ও কাগজে লিখে রেখে যান। এসব লেখায় আসামিদের সবার নাম রয়েছে। এ ছাড়া রাশিদুল কবিরের দ্বিতীয় বিয়েতে রিতার কোনো আপত্তি নেই—এ কথা লেখা একটি কাগজে জোর করে সই নেওয়া হয় বলে দেয়ালে লেখা রয়েছে।রিতা ও দুই সন্তানের মৃত্যুর ঘটনায় রিতার মা মাজেদা বেগম বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে আটজনকে আসামি করে মামলা করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে। শিগগিরই এ মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানা গেছে।