অবশেষে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক। আজ মঙ্গলবার তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী এখন মোসাদ্দেক হোসেন। রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তবে এর আগেই আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মেয়র পদপ্রার্থী শফিকুল হক তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।শফিকুল হক মনোনয়নপত্র প্রত্যাহার করায় রাজশাহীতে এখন মেয়র পদে প্রার্থীর সংখ্যা দাঁড়াল পাঁচজনে। তাঁদের মধ্যে এইচ এম খায়রুজ্জামান আওয়ামী লীগ ও মোসাদ্দেক হোসেন বিএনপি-সমর্থিত প্রার্থী। এ ছাড়া হাবিবুর রহমান ও মীর মোজাম্মেল আলী নামের দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তবে জামায়াতের মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর এখনো নির্বাচন করার সিদ্ধান্তে অনড়। বিএনপি সূত্রে জানা গেছে, শফিকুল হককে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী করার আশ্বাস দেওয়ায় তিনি মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিষয়টি স্বীকার করে শফিকুল হক আজ বিকেলে প্রথম আলো ডটকমকে বলেন, ‘রাজশাহী-৩ আসনে দল আমাকে আগামী নির্বাচনে প্রার্থী করবে বলে আশ্বস্ত করেছে। তাই আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’ প্রসঙ্গত, ‘সরে দাঁড়াচ্ছেন শফিকুল, অনড় জামায়াত’ শিরোনামে আজ ‘প্রথম আলো’য় একটি সংবাদ প্রকাশিত হয়।