শবে বরাতের ঢাকা
পুরান ঢাকায় ঐতিহ্যগতভাবে টিকে আছে পবিত্র শবে বরাত উদ্যাপনের নানা আনুষ্ঠানিকতা। এ ক্ষেত্রে খাওয়াদাওয়া, উপহার আর দান-খয়রাতে ঢাকাবাসীর নিজস্বতা বেশি ধরা দেয়। তবে শবে বরাত উদ্যাপনের আমেজ পুরো নগরেই থাকে। নগরবাসীর শবে বরাত উদ্যাপনের অতীত-বর্তমান নিয়ে এ আয়োজন। অন্য রকম রাত!পুরান ঢাকার কোথাও কোথাও শবে বরাত উপলক্ষে নতুন পোশাক পরার প্রচলন আছে। এ প্রসঙ্গে ইসলামপুরের বাসিন্দা রওশন আরা বলেন, ‘আমরা সন্ধ্যায় ইফতার সেরে গোসল করে নতুন পোশাক পরি। ছোটবেলা থেকে মা-খালাদের এমনটি দেখে আসছি।’ শবে বরাতের নতুন পাঞ্জাবি পরে মসজিদে যেতে দেখা যায় অনেককে। একে কেন্দ্র করে নগরের ফ্যাশন হাউসগুলোয় নতুন নতুন নকশার পাঞ্জাবি উঠেছে।শবে বরাতের রাতে নগরের সব মসজিদেই মুসল্লিদের ভিড় থাকে। এদিন অনেক মসজিদেই আলোকসজ্জা করা হয়। নগরের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়তে যান বায়তুল মোকাররম মসজিদে। দক্ষিণ মৈশুণ্ডির বাসিন্দা আবদুর রাজ্জাক জানান, শবে বরাত উপলক্ষে তাঁদের মসজিদে সবাই মিলে টাকা দেন, যা দিয়ে শবে বরাতের রাতে শিরনির আয়োজন করা হয়। একসময় ঢাকার প্রায় সব মসজিদে এমন আয়োজন থাকত বলে তিনি জানান।শবে বরাতের রাতে নগরের রাস্তাঘাটে লোকজনের বিচরণ থাকে। এ রাতে কবর জিয়ারতে আসা মানুষের ভিড় দেখা যায় কবরস্থানে। জিয়ারতে যাওয়া ও ফেরার সময় ভিক্ষুকদের দান করেন প্রায় সবাই। তাই আজিমপুর কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, বনানী কবরস্থানে যাওয়ার সড়কে শত শত ভিক্ষুককে বসে থাকতে দেখা যায়।বাহারি রুটি-হালুয়া‘শবে বরাতে পুরান ঢাকায় সুজি, ছোলা-বুট, গাজর, ময়দা, পেঁপে, মিষ্টিকুমড়া, চালকুমড়ার হালুয়াসহ অনেক পদের হালুয়া তৈরি করা হয়। সঙ্গে থাকে চকবাজারের বড় বড় রুটি।’ বলছিলেন উর্দু রোডের বাসিন্দা সেলিমা রহমান।শবে বরাত উপলক্ষে নগরে রুটি-হালুয়া খাওয়া ও তা বিলি করার প্রচলন আছে, যা যুগ যুগ ধরে চলে আসছে। এ প্রসঙ্গে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ঢাকাই খাবার গ্রন্থে রফিকুল ইসলাম রফিক লিখেছেন, শবে বরাতের দিন বিকেল থেকেই ভিক্ষুকদের খাবার বিতরণ করা হয়। সামর্থ্য অনুযায়ী আটা বা ময়দার রুটি বিলি করা হয়। এ জন্য বেকারিতে তৈরি হয় শবে বরাতি রুটি। এসব রুটি পাখি, কুমির, মাছ, কুলাসহ বিভিন্ন আকৃতির হয়ে থাকে। কাচের টুকরা, আয়না, মার্বেল প্রভৃতি দিয়ে অলংকৃত করা হয় শবে বরাতি রুটি। এ রুটি বড় ট্রে বা খাঞ্চায় করে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে পাঠানো হয়।এ বিষয়ে গেন্ডারিয়ার বাসিন্দা নাসিমা খাতুন বলেন, ‘ছেলেমেয়ের শ্বশুরবাড়িতে শবে বরাতে হালুয়া পাঠানোর রেওয়াজ ঢাকায় বহু পুরোনো। বেয়াই বাড়িতে পাঠানো হালুয়া হতে হবে স্বাদ-গন্ধে অতুলনীয়। আর রুটির গায়ে থাকে আয়না, মার্বেল আর কাচের টুকরার বাহারি সব সাজ। রুটির নকশা হতে হবে বাজারের আর দশটা নকশার চেয়ে আলাদা।’এদিকে নারিন্দার বাসিন্দা রজনী হোসাইন জানান, শবে বরাতে যৌথ পরিবারের মহিলাদের মধ্যে হালুয়া তৈরির প্রতিযোগিতা চলে। যাঁর হাতে যে হালুয়া ভালো হয়, প্রতি বছর তাঁর ওপর দায়িত্ব পড়ে সেটা বানানোর।যেখানে মেলেধানমন্ডির স্টার রেস্তোরাঁর সামনে এখন একটি ব্যানার ঝুলছে, যাতে উল্লেখ করা হয়েছে, ১৭ ও ১৮ জুলাই ওই রেস্তোরাঁয় ইফতারের নানা পদ বিক্রি হবে। শবে বরাত উপলক্ষে অনেকেই দুটি রোজা রাখেন। এ জন্য স্টারের এমন আয়োজন। রমজান মাসের মতো শবে বরাতে পুরান ঢাকার রেস্তোরাঁয় ইফতারসামগ্রী বিক্রি হয়। অলিগলিতে ছোলা, পেঁয়াজু বিক্রি করতে বসে যান অনেকে।একটা সময় পুরান ঢাকায় বেশির ভাগ পরিবার শবে বরাতি রুটি কিনে আনত চকবাজার থেকে। নকশার রুটির জন্য বিখ্যাত ছিল চকবাজার। চকবাজারের শাহী মসজিদের সামনে শবে বরাতের সকালে এখনো বসে যায় রুটির পসরা। সেগুলোর কোনোটা দেখতে কুলার মতো, কোনোটা মাছের মতো, আবার কোনোটা গোলাকার ও নকশা করা। এ ছাড়া সাত রওজার আনন্দ বেকারি, চকবাজারের বোম্বে বেকারি, জজকোর্ট এলাকার ইউসুফ বেকারির রুটির নামডাক রয়েছে। শবে বরাতের রুটি আর হালুয়া পাওয়া যাবে চকবাজারের আলাউদ্দিন সুইটমিট, নর্থসাউথ রোডের হোটেল আল রাজ্জাক ও ঠাটারীবাজারের স্টার হোটেলে। ধানমন্ডি, গুলশান, উত্তরা আর মিরপুরের বড় বড় রেস্তোরাঁ ও মিস্টান্নের দোকানে ঢুঁ মারলেও পাওয়া যাবে শবে বরাতের রুটি-হালুয়া। এরমধ্যে গুলশানের প্রিমিয়াম সুইট্স করেছে ‘বরাতি ডালা’। এতে থাকছে নয় রকমের হালুয়া।