শবে বরাতের শিরনির চাল তোলা নিয়ে সহিংসতা, নিহত ১
সিলেটের জকিগঞ্জে শবে বরাতের শিরনির চাল তোলাকে কেন্দ্র করে সহিংসতায় গতকাল মঙ্গলবার রাতে ঈমান আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ঈমান আলী বারঠাকুরি ইউনিয়নের রাঢ় গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আজ বুধবার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টায় স্থানীয় জামে মসজিদের সামনে স্থানীয় কয়েকজন লোক ঘরে ঘরে শবে বরাতের শিরনির চাল তুলছিলেন। এই চাল তোলাকে কেন্দ্র করে ঈমান আলীর সঙ্গে স্থানীয় লোকজনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে চাল সংগ্রহকারী লোকজন ঈমান আলীকে ধাওয়া করে তাঁর বাসার কাছেই বেদম মারপিট করে আহত অবস্থায় ফেলে রেখে চলে যান। এর কিছুক্ষণ পরই ঈমান আলী মারা যান।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঈমান আলীর শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কোমরের কাছে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে।এ ঘটনায় নিহত ঈমান আলীর স্ত্রী আইনুল বেগম বাদী হয়ে নয়জনকে আসামি করে হত্যা মামলা করেছে। আজ সকালে পুলিশ এজাহারভুক্ত আসামি ইয়াকুব আলী, আবদুল কাইয়ুম ও আকরাম আলীকে গ্রেপ্তার করেছে।