শব্দ কারখানায়, যন্ত্রণা এলাকায়
হাজীপাড়া পেট্রলপাম্প পেরিয়ে আবাসিক এলাকায় ঢোকার সময়ই বিকট শব্দ কানে ভেসে আসে। গলির একটু সামনে এগোলেই শরীরে গরম বাতাসের হলকা লাগে। সেই সঙ্গে পাশের ভবন থেকে পোশাক কারখানার মেশিনের শব্দটি আরও স্পষ্ট হয়। মালিবাগ থেকে রামপুরা যাওয়ার পথে রাস্তার পাশের প্রায় প্রতিটি ভবনেই তৈরি পোশাকের কারখানা থাকায় তাদের কলকব্জার শব্দ শোনা যায় অনেক দূর থেকে। হাজীপাড়ার অধিবাসী সোহেল বলছিলেন, রাতে বিদ্যুত্ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শব্দদূষণের মাত্রা আরও বেড়ে যায়। গার্মেন্টস কারখানাগুলোর জেনারেটরের শব্দে কান ঝালাপালা হয়ে যায়।এ তো গেল মহল্লার অবস্থা, শব্দের তীব্রতায় শয়নকক্ষেও থাকতে পারেন না অনেকে। বাংলামোটরের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের চেয়ারম্যান এম জেড আনসারী জানান, তাঁদের অ্যাপার্টমেন্টের পাশের ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের হ্যাপী রহমান প্লাজার চতুর্থ তলায় সকাল থেকে রাত ১১ পর্যন্ত উচ্চ শব্দসৃষ্টিকারী জেনারেটর চালানো হয়। জেনারেটরের শব্দে অ্যাপার্টমেন্টের ২০টি পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে পরিবেশ অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগ জানায়। কিন্তু তার পরও তাঁরা এই শব্দের অত্যাচার থেকে রেহাই পাননি।আর যাদের বাড়ির পাশে সিএনজি ফিলিং স্টেশন আছে তাদের এই দুর্ভোগ পোহাতে হয় অন্যদের চেয়ে বেশি। দক্ষিণ মুগদা থেকে এই দশার কথা লিখে পাঠান মিনহাজ উদ্দীন, মুগদা বিশ্বরোডের পাশে শান্ত সিএনজি স্টেশনের শব্দে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করেও কোনো ফল পায়নি। পরবর্তী সময়ে শান্ত সিএনজি স্টেশনের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই সিএনজি স্টেশনটি করা হয়েছে। এখন এলাকাবাসীর সমস্যা হলে তারা কী করবে? শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী যদি এই অনুমতি দেওয়া হয়, তাহলে কীভাবে আশপাশের লোকজন নাজেহাল হয়? এই প্রশ্নের উত্তর একমাত্র কর্তৃপক্ষই জানে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালাতে স্পষ্ট উল্লেখ করা আছে, যেসব কারখানার যন্ত্রপাতি থেকে শব্দের মানমাত্রা অতিক্রমকারী শব্দ সৃষ্টি হয় সেসব কারখানার বাইরে যাতে শব্দ না যায় সে জন্য ব্যবস্থা নিতে হবে।