রাজধানীর শ্যামলী রিংরোড আবাসিক এলাকায় অভিযান চালিয়ে শব্দ দূষণের দায়ে মেসার্স জুট স্পেয়ার্স কমপ্লেক্স কারখানা থেকে ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পরিবেশ অধিদপ্তরের অভিযানকারী দলটি যন্ত্রপাতি জব্দ করে কারখানাটি সিলগালা করে দেয়।আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকারী দলের পক্ষ থেকে জানানো হয়, আজ শ্যামলী রিংরোড এলাকার একটি আবাসিক ভবনের নিচ তলায় মেসার্স জুট স্পেয়ার্স কমপ্লেক্স নামে জুট মিলের যন্ত্রাংশ প্রস্তুতকারী একটি কারখানার সন্ধান পাওয়া যায়। কারখানাটি ১৯৯৮ সাল থেকে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছিল। লোহা কাটার কাজে বিভিন্ন মেশিন ব্যবহার করায় শব্দদূষণে আবাসিক এলাকার পরিবেশ মারাত্মক ব্যাহত হচ্ছিল। এ ছাড়া কারখানায় যন্ত্রাংশ তৈরিতে আগুনের কাজ করা হলেও কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না। যা মারাত্মক ঝুঁকিপূর্ণ। শব্দ দূষণের অপরাধে কারখানার মালিকের কাছ থেকে তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে ৪০ হাজার টাকা আদায় করা হয়। এ ছাড়া কারখানার উৎপাদন কার্যক্রম তাৎক্ষণিক বন্ধ করে কারখানার সব মেশিনপত্র ও যন্ত্রপাতি জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়। কারখানার মালিক কারখানা স্থানান্তরের লিখিত অঙ্গীকারনামা দাখিল করেন।পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, তাৎক্ষণিক পরীক্ষায় এ কারখানায় শব্দের মানমাত্রা পাওয়া যায় ৮৭ ডেসিবল, যা সহনীয় মানমাত্রার চেয়ে ৩৭ ভাগ বেশি। যদিও দিনের বেলায় আবাসিক এলাকায় শব্দের সহনীয় মানমাত্রা ৫০ ডেসিবল। এ ছাড়া একই এলাকায় প্রিজম ফ্যাশন, প্যাসিফিক ফ্যাশন লি. এবং মায়া এন্টারপ্রাইজ নামে তিনটি এমব্রয়ডারি কারখানার শব্দ দূষণের মাত্রাও পরিমাপ করা হয়। অভিযানকারী দলের পরিমাপে তিনটি কারখানায় শব্দের গড় মানমাত্রা পাওয়া যায় ৭০ ডেসিবল, যা আবাসিক এলাকায় সহনীয় মানমাত্রার চেয়ে ২০ ভাগ বেশি। এ তিনটি কারখানাকে অবিলম্বে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করে সহনীয় মাত্রায় নামিয়ে আনারও নির্দেশ দেওয়া হয়।