শব্দাবলীর নাট্যোৎসব ঢাকা ও বরিশালে
স্টুডিও থিয়েটার চর্চার উদ্দেশ্য নিয়ে ১৯৯১ সালে বরিশালে শব্দাবলী নিজস্ব অর্থায়নে গড়ে তোলে স্টুডিও থিয়েটার হল। এ স্টুডিও থিয়েটার হলে প্রতি শুক্রবার দর্শনীর বিনিময়ে নাটকের প্রদর্শনী হচ্ছে। এরই মধ্যে এ স্টুডিও থিয়েটার পূর্ণ করেছে ২০ বছর। এ উপলক্ষে শব্দাবলী বরিশাল আয়োজন করেছে ২০ বছর পূর্তি উৎসব। বিজয়ের ৪০ বছর পূর্তির প্রসঙ্গটিও থাকছে উৎসবের সঙ্গে। জানা গেছে, আজ ঢাকায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন হবে সন্ধ্যা ছয়টায়। এরপর মঞ্চস্থ হবে লোকনাট্য দলের (সিদ্ধেশ্বরী) নাটক মুজিব মানেই মুক্তি। ১২ জানুয়ারি পর্যন্ত উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে। নাটক প্রদর্শনী ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রাঙ্গণে প্রতিদিন বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরিবেশিত হবে বরিশালের আঞ্চলিক গান এবং নাচ। উৎসবের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি থেকে বরিশালে শব্দাবলী স্টুডিও থিয়েটার হলে। এখানে উৎসব হবে ২৪ জানুয়ারি পর্যন্ত। উৎসবের প্রথম পর্বে ঢাকায় মঞ্চস্থ হবে আজ মহাকাল নাট্যসম্প্রদায়ের নাটক ঘুম নেই ও পালাকারের রাইফেল, সোমবার নাট্যম বরিশালের তিলক ও লোকনাট্য দলের (বনানী) বৈকুণ্ঠের খাতা, মঙ্গলবার শব্দাবলী বরিশালের ফণা ও প্রাচ্যনাটের মায়ের মুখ এবং বুধবার থিয়েটারের পায়ের আওয়াজ পাওয়া যায় ও দেশ নাটকের মঙ্গল মুখ। শব্দাবলী বরিশালের প্রধান সৈয়দ দুলাল বলেন, ‘শব্দাবলী বরিশালের ৩৩ বছর, বরিশাল স্টুডিও থিয়েটারের ২০ বছর এবং বিজয়ের ৪০ বছরের পূর্তি—সব মিলিয়ে বছরটি খুব আলোচিত। আর এই সময়ে আমরা ঢাকা ও বরিশালে দুটি নাট্যোৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে স্টুডিও থিয়েটারের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা নানা প্রতিকূলতা সত্ত্বেও বরিশালে স্টুডিও থিয়েটার চর্চা অব্যাহত রেখেছি এবং রাখব।’