শব্দের উৎপাতে হাসপাতালের রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সপ্তাহখানেক আগে জন্ডিসে পইড়া হাসপাতালে আসছিলাম। ডাক্তার এখানে ভর্তি হইতে বলছিল। ভর্তির পর আধবেলাও থাকতে পারি নাই। আওয়াজের যন্ত্রণায় হাসপাতাল ছাড়ছি।’ বলছিলেন কসাইটুলীর সালাহউদ্দিন। ঘটনাটি নয়াবাজারের মহানগর জেনারেল হাসপাতালের। ঢাকা সিটি করপোরেশন পরিচালিত এই হাসপাতালের বেষ্টনী ঘিরে গড়ে উঠেছে অবৈধ টং দোকান। এসব দোকানে দিনভর লোহার টুং টাং শব্দ লেগেই থাকে। পুরোনো লোহার রড, অ্যাঙ্গেল, ফ্লাটবার পিটিয়ে সোজা করছে কেউ কেউ। আবার কেউ পুরোনো দরজা-জানালার কাঠামো পিটিয়ে সোজা করছে। এগুলোর শব্দে ভোগান্তি পোহাতে হয় মহানগর জেনারেল হাসপাতালে আসা রোগীদের।ঘুরে দেখা গেছে, নয়াবাজার ডিআইটি মার্কেট, বাগডাসা লেন আর হার্নিং স্ট্রিটজুড়ে লোহার সামগ্রীর অসংখ্য দোকান। এসব দোকানে বেচাকেনা হয় পুরোনো আর ব্যবহূত সামগ্রী। পুরোনো লোহা রাস্তার ওপর রেখে বড় হাতুড়ি দিয়ে পিটিয়ে সোজা করতে হয়। এ কাজ করছিলেন সোহেল রানা। হাসপাতালের কাছে এমন শব্দ করা ঠিক কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘হাসপাতাল ভাই, হাসপাতালের জায়গায়। আমি খায়া-পইরা বাঁচতে পারলে বাপের নাম।’বাগডাসা লেনের দোকানিরা আবার এক কাঠি সরেস। দোকানদার মোতালেব ও সেলিম বলেন, ‘দোকান বহানের আগে ও পরে ট্যাকা দিছি। আমাগোর দোকান বৈধ। এসব দোকানের আওয়াজে হাসপাতাল না টিকতে পারলে তারা অন্য হানে যাউক গা।’হাসপাতালের দোতলায় নাফিসাকে নিয়ে বসে ছিলেন তার মা মুক্তা। গলায় টনসিল বলে ভর্তি ছিলেন দুই দিন। মুক্তা বলেন, ‘হাসপাতালের চারপাশ থেকে নানা রকম শব্দ পাওয়া যায়। গত দুই দিনে দুপুরের পর বাচ্চা ঘুমাইতে পারেনি। সারাটা সকাল-দুপুর শুধু লোহা পেটানোর শব্দ।’ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকানগুলোর ব্যাপারে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুুল মান্নান জানান, টং দোকানগুলো আশপাশের বাড়ির মালিকদের নিয়ন্ত্রণে রয়েছে। তাঁরাই দোকানগুলো থেকে ভাড়া তোলেন। বেশ কয়েকবার অবৈধ দোকানিদের ধরে বিচারের আওতায় আনা হয়েছে। ক্ষতিগ্রস্ত কারও অভিযোগ পেলে আবার ব্যবস্থা নেওয়া হবে।এদিকে মহানগর জেনারেল হাসপাতালের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী জানান, শব্দদূষণের কারণে এখানে কাজ করতে অনেক সমস্যা হয়। বেশ কয়েকবার হাসপাতাল থেকে নগর ভবনে জানানো হয়েছিল। কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি।