হরতাল চলাকালে পুলিশের কাজে বাধাদান, জনদুর্ভোগ ও বোমা ফাটিয়ে ত্রাসের সৃষ্টি এবং হত্যাচেষ্টার মামলায় বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরীসহ সাত নেতা-কর্মীকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গুলশান থানার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম রোকসানা বেগম এ রিমান্ড মঞ্জুর করেন। মতিঝিল থানায় করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পৃথকভাবে এ আবেদন করা হয়। শাহবাগ থানায় করা পৃথক পাঁচটি মামলার সব কটিতে বিএনপির নেতা শহীদ উদ্দীন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।গুলশান ও বাড্ডা থানা: গুলশান থানার মামলায় বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরীসহ সাতজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শমসের মবিন চৌধুরীসহ অন্য আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবীরা। আদালত তা নাকচ করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য আসামিরা হলেন মো. আবুল, ইয়াহিয়া, মোস্তফা আহমেদ, সুলতান আহমেদ, মতিউর রহমান ওরফে রাজু, কলিমুল্লাহ ওরফে আকন। একই আদালতে বাড্ডা থানায় গ্রেপ্তার হওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতা-কর্মীকে হাজির করা হলে আইনজীবীরা তাঁদেরও জামিনের আবেদন করেন। আদালত পাঁচজনের জামিন মঞ্জুর করে বাকি পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন পাওয়া ব্যক্তিরা হলেন মহিলা নেত্রী পেয়ারা মোস্তফা, মালেকা, সাহেদা, রওনক ও দিলারা। মতিঝিল: ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইনের আদালতে মতিঝিল থানার মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত মির্জা আব্বাস সুস্থ হওয়ার পর এ বিষয়ে শুনানি করার আদেশ দেন। মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।একই মামলায় ১৩ আসামিকে হাজির করে আটজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে মতিঝিল থানার পুলিশ। ১৩ আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত ছয়জনকে এক দিনের রিমান্ড এবং বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাহবাগ, রমনা ও সূত্রাপুর থানা: শাহবাগ ও রমনা থানায় দায়ের করা পৃথক মামলায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলীসহ ১২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান। সূত্রাপুর থানার পুলিশ নয়জনকে মহানগর হাকিম ইসমাইল হোসেনের আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।