শয্যা ও খাবার আছে, নেই চিকিৎসক
পিরোজপুরের প্রায় ১২ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় একটি হাসপাতাল এবং ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫৭জন চিকিত্সক থাকার কথা থাকলেও আছে মাত্র ৫৯জন। চিকিত্সকের ৯৭টি পদ খালি থাকায় প্রকৃতপক্ষেই মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সদর হাসপাতালে ২২জন চিকিত্সকের মধ্যে আছে মাত্র ১৩জন। আর স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে চারজন, কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আছে দুজন, নাজিরপুরে তিনজন, জিয়ানগরে একজন, ভান্ডারিয়ায় পাঁচজন এবং মঠবাড়িয়ায় ছয়জন চিকিত্সক রয়েছে।পিরোজপুর আধুনিক সদর হাসপাতালে শয্যা ও খাবারের সংকট নেই, কিন্তু আছে চিকিত্সকের সংকট। ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি ৫০ শয্যার পিরোজপুর আধুনিক সদর হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হয়, কিন্তু এখন পর্যন্ত এ হাসপাতালের ১০০ শয্যার পদ সৃষ্টি করা হয়নি। ৫০ শয্যার লোকবল দিয়ে এখানের চিকিত্সা কার্যক্রম চলছে।পিরোজপুর আধুনিক সদর হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, ২১ জন রাজস্ব ও একজন উন্নয়ন খাতের চিকিত্সকের পদসহ এখানে চিকিত্সকের পদ রয়েছে ২২ জন। এরমধ্যে নয়টি পদই শূন্য। এ পদগুলোর মধ্যে রয়েছে মেডিসিন, সার্জারি, অর্থোসার্জারি ও চক্ষু বিভাগে একজন করে সিনিয়র কনসালটেন্ট, গাইনি, অ্যানেসথেসিয়া, অর্থোসার্জারি, ইএনটি, রেডিওলজি ও প্যাথলজি বিভাগে একজন করে জুনিয়র কনসালটেন্ট, একজন আবাসিক চিকিত্সা কর্মকর্তা, একজন প্যাথলজিস্ট, একজন রেডিওলজিস্ট, চারজন চিকিত্সা কর্মকর্তা, জরুরি বিভাগের তিনজন চিকিত্সা কর্মকর্তা, একজন ডেন্টাল সার্জন এবং একজন চিকিত্সা কর্মকর্তা এএমসি (আয়ুর্বেদি)। কিন্তু এসব পদের মধ্যে দীর্ঘদিন ধরে নয়টি পদ শূন্য রয়েছে। এগুলো হলো অর্থোসার্জারি ও সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট, গাইনি, অ্যানেসথেসিয়া, অর্থোসার্জারি, ইএনটি ও রেডিও বিভাগের জুনিয়র কনসালটেন্ট, একজন চিকিত্সা কর্মকর্তা ও ডেন্টাল সার্জনের পদ।জিয়ানগর উপজেলার আহাদ শিমুল অন্তঃসত্ত্বা বোনকে নিয়ে (২৫ দিন আগে) যান সদর হাসপাতালে। শিমুল বলেন, ‘গাইনি চিকিত্সক না থাকায় অন্য এক চিকিত্সক আমার বোনকে দেখে ব্যবস্থাপত্র লিখে দেন। কিন্তু ওই ওষুধ খেয়ে আমার বোন অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনায় নিয়ে হাসপাতালে ভর্তি করি। এরপর আমার বোন সুস্থ হয়েছে। বর্তমানে সে একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছে।’পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রতিদিন ২০০ থেকে ৩০০ রোগী বহির্বিভাগে চিকিত্সা নিতে আসে। ১০০ শয্যার এ হাসপাতালে চিকিত্সকের সংকট থাকার কারণে রোগীদের চিকিত্সাসেবা দিতে বেশ বেগ পেতে হয়। এ ছাড়া হাসপাতালে সুইপারের সংকট রয়েছে এবং নৈশপ্রহরী নেই। তবে হাসপাতালে রোগীদের শয্যা ও খাবারের সংকট নেই।পিরোজপুর পৌরসভার কাউন্সিলর হাসপাতাল সড়কের বাসিন্দা মিজানুর রহমান জানান, সদর হাসপাতাল নামেই আধুনিক। জেলা সদরের এ হাসপাতাল থেকে মানুষ তেমন কোনো স্বাস্থ্যসেবা পায় না।এক নজরে জেলার লোক সংখ্যা: ১২ লাখ (প্রায়)। হাসপাতাল: ১টি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৭টি। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র: ৪১টি। ইউনিয়ন উপ স্বাস্থ্যকেন্দ্র: ৬টি। মোট চিকিত্সক: পদ ১৫৭ টি, আছে ৫৯ জন, শূন্য পদ ৯৭টি। অন্যান্য কর্মকর্তা-কর্মচারি: পদ ৮৮৩ টি, আছে ৬০৬ জন, শূন্য পদ ২৭৭ টি। পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারি: পদ ৪৯৫টি, আছে ৩৯৬ জন, শূণ্য ৯৯টি। নার্সিং ট্রেনিং ইনষ্টিটিউট: ১টি। অ্যাম্বুলেন্স: ৮ টি। সচল ৭টি, অচল ১টি। প্যাথলজি সেন্টার ঃ ২১ টি, রেজি. ২০ টি, রেজি. বিহীন ১ টি। বেসরকারি ক্লিনিক ঃ ১৫ টি, রেজি. ১৪ টি, রেজি. বিহীন ১টি।