শয্যা থাকে খালি, সংকট কেবল রোগী-চিকিৎসকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একসময় এখানে শয্যা ছাপিয়ে মেঝেতেও রোগী থাকত। লাল একটি গালিচা বিছানো থাকত আসা-যাওয়ার বারান্দায়। কারণ শহরের বড় বড় লোকজন এখানে চিকিৎসা নিতে আসতেন। আর এখন ৯২ শয্যার এই হাসপাতালে দিনে মাত্র ১৫-২০ জন রোগী থাকে।’চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের অতীত-বর্তমানের এ তুলনা করলেন ওয়ার্ড অ্যাটেনডেন্ট মো. সাইফুল্লাহ। দু-তিন মাস পর তিনি অবসরে যাবেন। চট্টগ্রাম নগরের অন্য সব সরকারি ও বেসরকারি বড় হাসপাতালে যখন রোগীরা শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছে, সে সময় রেলওয়ে হাসপাতালের চিত্র ভিন্ন। এখানে শয্যাসংকট নেই, আছে রোগী-সংকট। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তরের (সিআরবি) পাশে এ হাসপাতাল নির্মিত হয় ব্রিটিশ আমলে।রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক দশকে এই হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন কমছে। গত বৃহস্পতিবার হাসপাতালটিতে রোগী ভর্তি ছিল ১৮ জন। এর আগে গত মঙ্গলবার রোগী ছিল ১৬ জন। চিকিৎসকেরা জানান, এই হাসপাতালে একসঙ্গে অন্তত ১০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব। অথচ ৫০০ শয্যার অবকাঠামোগত সুবিধাসংবলিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন এক হাজার ৮০০ রোগী চিকিৎসা নিচ্ছে।চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের মতো রেলওয়ে পূর্বাঞ্চলের অন্য তিনটি হাসাপাতাল ও ১৭টি ডিসপেনসারিও ভুগছে রোগীসংকটে। চিকিৎসক ও জনবলের অভাব, বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জনের কোনো পদ না থাকাসহ নানা কারণে রোগীরা দিন দিন এসব হাসপাতাল ও ডিসপেনসারির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। এসব স্থানে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্বল্প খরচে বাইরের লোকজনও চিকিৎসা নিতে পারে।রেলওয়ে পূর্বাঞ্চলের অন্য হাসপাতালগুলো হচ্ছে ১০ শয্যাবিশিষ্ট হালিশহর বন্দর ইয়ার্ড হাসপাতাল, ঢাকার ৭৫ শয্যাবিশিষ্ট রেলওয়ে হাসপাতাল এবং ৫০ শয্যার বিশেষায়িত বক্ষব্যাধি হাসপাতাল। বক্ষব্যাধি হাসপাতালটিও চট্টগ্রাম সিআরবি পাহাড়ে অবস্থিত।জানা গেছে, সিআরবির ৯২ শয্যাবিশিষ্ট হাসাপাতালটিতে চিকিৎসকের মঞ্জুরিকৃত পদ রয়েছে ১৩টি। তবে বর্তমানে কর্মরত দুজন। তাঁদের একজন আবার হালিশহরের ১০ শয্যার হাসপাতালে খণ্ডকালীন কাজ করেন। কারণ ওই হাসপাতালে এখন চিকিৎসক নেই। বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসক রয়েছেন একজন। হাসপাতালটিতে মঙ্গলবার রোগী ছিল চারজন।হাসপাতালগুলো সম্পর্কে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান চৌধুরী বলেন, ‘একসময় রেলওয়ে হাসপাতাল ছিল উন্নত চিকিৎসাসেবার প্রধান কেন্দ্র। চট্টগ্রামের বিখ্যাত লোকেরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসতেন। রেলওয়ের দুই অঞ্চলে (জোন) চিকিৎসক পদ ছিল ১২০টি। পরে কমিয়ে ৭০টি করা হয়। এখন পূর্ব জোনে ৩৬ জন চিকিৎসকের মধ্যে অর্ধেকের মতো আছেন। তাই দিন দিন রোগী কমছে।’সূত্র জানায়, রেলওয়ে পূর্বাঞ্চলে চিকিৎসকসহ মোট কর্মকর্তা-কর্মচারীর এক হাজার ৩৬টি পদের মধ্যে ৪০০টিই খালি রয়েছে।জানা গেছে, চলতি বছরের প্রথম সাত মাসে সিআরবি রেলওয়ে হাসপাতালের পাঁচ চিকিৎসক অবসরে গেছেন। এ কারণে চিকিৎসকের সংখ্যা এখন দুজনে এসে ঠেকেছে। কেউ অবসর নিলে ওই শূন্যপদ সহজে পূরণ হয় না। আবার চিকিৎসকেরাও বেশি দিন রেলওয়েতে থাকতে চান না। পাঁচ বছর আগে রেলওয়ে পূর্বাঞ্চলে ১৮ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগপ্রাপ্ত ওই ১৮ জনের মধ্যে মাত্র একজন এখন কর্মরত। বাকিরা স্বাস্থ্য বিভাগে চলে গেছেন।সিআরবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান বলেন, ‘এখন গড়ে প্রতিদিন ২০ জন রোগীও হয় না। আমরা দুই চিকিৎসক টেনেটুনে কোনোরকমে চালাচ্ছি। ফলে দিন দিন রোগী কমছে।’সরজমিনে দেখা যায়, সিআরবি হাসপাতালে মেডিসিন, মেডিকেল সার্জারি, প্রসূতিসেবা, শিশু, পোস্ট অপারেটিভ বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড খালি পড়ে রয়েছে। অবকাঠামোর দিক থেকে উন্নত হলেও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় তেমন রোগীও নেই। ভর্তি থাকা রোগী রেলওয়ের লাইন কর্মকর্তা মো. ইসহাক বলেন, ‘মঙ্গলবার আমি এখানে এসেছি। প্রস্রাবের সমস্যা রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, আমাকে বড় মেডিকেলে যেতে হবে।’জানা যায়, ২০০৯ সালে সিআরবি হাসপাতালে অন্তর্বিভাগে প্রায় নয় হাজার রোগী চিকিৎসা নেয়। একই সময় হালিশহর হাসপাতালে এক হাজার ৭০০ ও ঢাকা রেলওয়ে হাসপাতালের অন্তর্বিভাগে আট হাজার ৫০০ রোগী চিকিৎসা নেয়। জনবলের দিক থেকে ঢাকা রেলওয়ে হাসপাতালের অবস্থা ভালো। এখানে ১৪টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন ১২ জন।এসব হাসপাতাল ছাড়াও রেলওয়ে পূর্বাঞ্চলের ১৭টি ডিসপেনসারির বহির্বিভাগে রোগী দেখা হয়। তবে বর্তমানে মাত্র দুটি ডিসপেনসারিতে চিকিৎসক রয়েছেন।