শরণখোলায় বিএনপি-যুবলীগের ইফতার মাহফিলে ১৪৪ ধারা জারি
বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা পাইলট মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় আজ শনিবার দুপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই বিদ্যালয়ের মিলনায়তনে আজ একই সময়ে উপজেলা বিএনপি ও উপজেলা আওয়ামী যুবলীগ ইফতার মাহফিল ও আলোচনা সভা আহ্বান করলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. মতিয়ার রহমান খান জানান, ইফতার মাহফিল করার কথা জানিয়ে ৩১ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ প্রশাসন এবং ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে চিঠি দিয়ে অনুমতি নেওয়া হয়। কিন্তু আকস্মিকভাবে আজ বেলা ১১টার দিকে ইউএনও মোবাইল ফোনে তাঁকে জানান, উপজেলা আওয়ামী যুবলীগ একই সময়ে একই স্থানে ইফতার মাহফিল ডেকেছে। তাই এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ১৪৪ ধারা জারি করছে। তিনি যুবলীগের এ আচরণকে উদ্দেশ্যমূলক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেন।শরণখোলা উপজেলা যুবলীগের সভাপতি আবুল হোসেন জানান, ১ সেপ্টেম্বর তাঁরা ইফতার মাহফিল করার জন্য প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি নেন। এর পর প্রশাসন আকস্মিকভাবে আজ ১৪৪ ধারা জারির কথা জানায়।শরণখোলার ইউএনও খন্দকার জহিরুল ইসলাম ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত এ নির্দেশ বলবত্ থাকবে।বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতার অভাবের কারণে শরণখোলায় বিএনপি ও যুবলীগের ইফতার মাহফিলের স্থানে ১৪৪ ধারা জারি করতে হয়েছে।