শরণখোলায় ‘বন্দুকযুদ্ধে’ পাঁচ বনদস্যু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে আজ শুক্রবার সকালে র‌্যাবের সঙ্গে ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধে’ পাঁচ বনদস্যু নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু গুলিসহ ১১টি আগ্নেয়াস্ত্র। র‌্যাব এ কথা জানিয়েছে।র‌্যাব জানায়, আজ সকাল নয়টায় সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের মরা ভোলা খালে র‌্যাব-৮ ও র‌্যাব হেড কোয়ার্টারের একটি বিশেষ দলের সঙ্গে বনদস্যু সোহাগ, জিহাদ ও আসাদ বাহিনীর সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ অভিযানে প্রথমবারের মতো র‌্যাব নিজস্ব হেলিকপ্টার ব্যবহার করে।র‌্যাব-৮-এর সহ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাব্বির রহমান ওসমানী জানান, সুন্দরবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত অভিযানের মুখে কোণঠাসা হয়ে পড়া বনদস্যু জিহাদ, সোহাগ ও আসাদ বাহিনী একত্র হয়ে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা করছিল বলে র‌্যাবের কাছে গোয়েন্দা তথ্য ছিল। আজ ভোরে তারা মরা ভোলা খাল এলাকার বনে একত্র হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব হেড কোয়ার্টারের একটি অগ্রবর্তী দলের সহযোগিতায় র‌্যাব-৮-এর একটি দল হেলিকপ্টার নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের সঙ্গে দস্যুদের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। পরে দস্যুরা পিছু হটলে র‌্যাব এলাকা তল্লাশি করে বেশ কিছু গুলিসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহগুলো সোহাগ, জিহাদ, আসাদ, আল আমিন ও বেলালের বলে শনাক্ত করা হয়। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক মুজিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে পাঁচটি এক নলা বন্দুক, দুটি টু টু বোর রাইফেল, একটি থ্রি নট থ্রি রাইফেল, একটি পিস্তল ও দুটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। এদিকে, বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, র‌্যাবের একটি শক্তিশালী দল সুন্দরবনে অভিযান চালাচ্ছে। তবে এ বিষয়ে তাঁদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই।