শরণার্থী তহবিল ফুরিয়ে আসায় হতাশ জাতিসংঘ
জর্ডান ও তুরস্কসহ কয়েকটি দেশে সিরীয় শরণার্থীদের ঢল যেভাবে বাড়ছে, তাতে অল্প সময়ের মধ্যেই জাতিসংঘের শরণার্থী তহবিল ফুরিয়ে যাবে। এর ফলে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, সে বিষয়ে জাতিসংঘের কর্মকর্তারা আজ শুক্রবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) মুখপাত্র মারিজি মেরসাদো জেনেভায় জাতিসংঘের এক সংবাদ সম্মেলেনে বলেন, ‘চাহিদা বাড়ছে হু হু করে। আমরা হতাশ।’রয়টার্স বলেছে, বিপুলসংখ্যক সিরীয়র দেশত্যাগ বিশ্বের সবচেয়ে ভয়াবহ শরণার্থী-সংকট সৃষ্টি করতে চলেছে। এ ক্ষেত্রে জাতিসংঘের হিসাব অনেক আগেই ভেস্তে গেছে। এ মুহূর্তে শরণার্থীর সংখ্যা প্রায় ১২ লাখ ৫০ হাজার। এদের এক-তৃতীয়াংশ নারী ও শিশু। গত জুনে সম্ভাব্য শরণার্থীর সংখ্যার বিষয়ে যে ধারণা করা হয়েছিল, বর্তমান সংখ্যা তার চেয়ে ১০ শতাংশ বেশি।গৃহযুদ্ধে অভ্যন্তরীণ অভিবাসী হয়েছেন প্রায় ৩৬ লাখ মানুষ। কিন্তু এখনো দুই বছর ধরে চলা যুদ্ধ শেষের কোনো লক্ষণ নেই। তাই শরণার্থীদের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে।মেরসাদো বলেন, ‘বছরের শুরু থেকে প্রতিদিন গড়ে দুই হাজারেরও বেশি শরণার্থী দেশটি ছেড়ে (সিরিয়ায়) এসেছে। আমরা ধারণা করছি, জুলাই মাসে এ হার দ্বিগুণ এবং ডিসেম্বরে তিন গুণ হবে।’ তিনি বলেন, ‘২০১৩ সালের শেষে কেবল জর্ডানে শরণার্থীর সংখ্যা হবে প্রায় ১২ লাখ। এ সংখ্যা জর্ডানের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ।’জাতিসংঘের তহবিল ফুরিয়ে গেলে, তার প্রভাব পড়বে অনেক কিছুর ওপরে। জর্ডানের জাতারি শিবিরে এক লাখ শরণার্থীর জন্য দৈনিক ৩৫ লাখ লিটার খাবার পানি সরবরাহ করা হয়। কিন্তু তহবিল ফুরালে এ পানি সরবরাহ করা অসম্ভব হয়ে দাঁড়াবে বলে জানিয়েছে জাতিসংঘ।অভিবাসন-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) বলছে, গত সপ্তাহে প্রায় ১১ হাজার সিরীয় জাতারি শিবিরে এসে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, তহবিলের সংকট কেবল জর্ডান নয়, বরং সমস্ত অঞ্চল ও জনহিতকর কাজকে ক্ষতিগ্রস্ত করছে। শরণার্থীদের মধ্যে জটিল রোগের বিস্তার ঠেকানো গেছে। কিন্তু শরণার্থীদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক রোগের চিকিত্সা নিশ্চিত করাও কষ্টকর হয়ে পড়বে।জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বলছে, মার্চের শেষে যানবাহন-সংকটের প্রতিবাদে জাতারি শিবিরে কয়েক দফা বিক্ষোভ হয়েছে। সংস্থাটি আরও বলছে, অনেকেই শিবির থেকে মালামাল বাইরে পাচারের চেষ্টা করে এবং মালবাহী গাড়ির ওপরে জনতার হামলা এক দৈনন্দিন ব্যাপারে পরিণত হয়েছে।জর্ডানের বাইরে লেবানন, তুরস্ক ও ইরাকে সিরীয় শরণার্থীদের শিবির আছে।