শরতের বইমেলা
আলাদা কোনো স্টল নেই। লম্বা একটা টেবিলে থরে থরে বই। কোনোটা গল্পের, কোনোটা উপন্যাসের। প্রবন্ধ-নিবন্ধ, ইতিহাসের বইও রয়েছে। মনকাড়া প্রচ্ছদের সব বই নেড়েচেড়ে দেখছে দর্শনার্থীরা। কেউ কেউ পছন্দের বইটি কিনেও নিচ্ছে। বলা হচ্ছে শরতের বইমেলার কথা। শাহবাগের সুফিয়া কামাল গণগ্রন্থাগারের চত্বরে চলছে মাসব্যাপী মেলাটি।এ চত্বরে এখন সারা বছরই কোনো না কোনো প্রকাশনাপ্রতিষ্ঠানের বইয়ের মেলা বসে। কখনো ঋতু ধরে, কখনো কোনো বিশেষ দিবস উপলক্ষে বইমেলার আয়োজন করা হচ্ছে। আর এতে পাঠকদের সাড়া ভালোই পাওয়া যায়। এখানকার মেলার চাহিদা পাঠকদের কাছে যেমন বাড়ছে, তেমনি বাড়ছে প্রকাশকদের কাছেও। ওই চত্বরে কোনো প্রকাশক একক মেলা করছেন, আবার কয়েকজন প্রকাশক মিলেও মেলা করছেন। শরতের বইমেলা এভাবেই মিলেমিশে বসেছে। এতে অংশ নিয়েছে অন্যপ্রকাশ, ভাষাচিত্র, মুক্তদেশ, চারুলিপি ও লেখালেখি।একুশে বইমেলার বাইরে এভাবে ছোট পরিসরে মেলা আয়োজনের উদ্দেশ্য জানতে চাইলে মুক্তদেশ প্রকাশনার স্বত্বাধিকারী জাভেদ ইমন বলেন, ‘আমরা পাঠকদের কাছে বই পৌঁছে দিতে ঋতুভিত্তিক এই মেলার আয়োজন করেছি। এর আগে করেছি বর্ষার বইমেলা। আমাদের একুশের বইমেলায় অনেক বই শেষের দিকে প্রকাশিত হয়। পাঠক সেসব বই যেন সহজেই কিনতে পারে, তাই আমাদের এই আয়োজন। মেলা যত বেশি হবে, লেখক-প্রকাশক ও পাঠকের মধ্যে যোগাযোগ তত বাড়বে। এতে সবারই সুবিধা। তাই এ রকমের মেলা সারা বছর বিভিন্ন জায়গায় করতে পারলে ভালো হয়।’মেলায় যারা ঘুরছিল, তারা বই কেনার চেয়ে নেড়েচেড়ে দেখছিল বেশি। এ নিয়ে বিক্রয়কর্মীদের মধ্যে কোনো বিরক্তি নেই। তাঁরা জানালেন, যারা বই দেখতে আসে, তারা নিশ্চয় বইপ্রেমী। পছন্দ হলে কিনতেও পারে। আবার কেউ হয়তো পছন্দের বইটির লেখক ও প্রকাশনাপ্রতিষ্ঠানের নাম লিখে নিয়ে যায়। পরে সুযোগমতো কেনে। এ ধরনের বইমেলায় আসলে আয়োজন করে কেউ আসে না। মূলত অন্য কোনো কাজে এ এলাকায় এলে বইপ্রেমীরা মেলায় ঢুঁ মারে, কেউ কেউ কেনে। সবার সঙ্গে বই কেনার পর্যাপ্ত টাকা না-ও থাকতে পারে। তারা হয়তো পরে আবার বইটি সংগ্রহ করতে মেলায় আসে।পুরান ঢাকার মনির হোসেনের সঙ্গে কথা হয় শরতের বইমেলায়। তিনি বলেন, ‘এ রকম বইমেলা হলে সময় নিয়ে দেখেশুনে বই পছন্দ করে কেনা যায়, যেটা একুশের বইমেলার ভিড়ের মধ্যে সম্ভব হয় না।’ মেলায় সব ধরনের বই প্রদর্শিত হচ্ছে। আর স্টলজুড়ে প্রদর্শিত বই পাঠক ঘুরে ঘুরে দেখার সুযোগ পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল রানা বলেন, ‘বইমেলা বেশি বেশি হওয়া দরকার। তাহলে আমাদের বই কেনার অভ্যাস তৈরি হবে, মানুষের পাঠাভ্যাস বাড়বে। এতে দেশ ও সমাজের লাভ। তবে বইয়ের দাম বেশি থাকলে পাঠকেরা ইচ্ছা থাকলেও অনেক বই কিনতে পারে না। তাই একুশে মেলা ছাড়া যেহেতু প্রকাশকেরা বছরের অন্যান্য সময় নতুন বই খুব একটা প্রকাশ করেন না, বিশেষ বইমেলায় কমিশন একটু বেশি হলে ভালো হয়।’কোনো কোনো পাঠকের মত হচ্ছে, এখন একুশে বইমেলার বাইরেও বইমেলা করার প্রবণতা বাড়ছে। এ ক্ষেত্রে এসব মেলাকে কেন্দ্র করেও কিছু বই প্রকাশ করা উচিত। তাহলে এসব মেলার জনপ্রিয়তা যেমন বাড়বে, তেমনি একুশে বইমেলা ঘিরে বই প্রকাশের হিড়িক কিছুটা কমে আসতে পারে।শরতের বইমেলায় সব ধরনের বইয়ে থাকছে ৩০ শতাংশ ছাড়। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত চলছে মেলা। এটি শেষ হবে আগামী ১৯ অক্টোবর।