হঠাৎ করেই যেন আবহাওয়াটা চরমভাবাপন্ন হয়ে উঠেছে। শরতের শেষার্ধে কোথায় রোদে মিষ্টি স্বাদ আসতে শুরু করবে, সকাল-সন্ধ্যায় ঘাসে-গাছে জমবে শিশিরবিন্দু, সেই শিশিরে সকালের রোদ পড়ে ঝলমল করবে মুক্তার মতো। তা তো নয়ই, উল্টো রোদ যেন একেবারে গনগনে আগুনের ফুলকি। শরতের রোদে চৈত্রের কাঠফাটা তীব্রতা।চার দিন ধরে চলছে এই অবস্থা। সকালবেলাতেই রোদের দিকে তাকানো যায় না। ঘরের বাইরে বের হলেই শরীরের চামড়া যেন ঝলসে যাওয়ার উপক্রম হয়। চোখ-মুখ জ্বলতে থাকে। ঘাম ঝরতে শুরু করে মাথা থেকে। সারা শরীর ভিজে নেয়ে উঠতেও সময় লাগে না। শরতের এই রুদ্র রুক্ষ রূপ কে কবে দেখেছে!এই রুক্ষতার প্রভাব পড়েছে শিউলি বাগানেও। জাতীয় উদ্ভিদ উদ্যানের ছায়া-সুনিবিড় প্রতিবেশেও শিউলিগুলোকে দেখায় কেমন যেন ম্রিয়মাণ। সূর্যমুখীরও যেন কষ্ট হয় সূর্যের দিকে তাকাতে।মাত্র চার দিন আগে কিন্তু এ রকম ছিল না। শেষ ভাদ্রের প্রকৃতিতে বর্ষা বিদায়ের আবহ ছিল। একটু বরং বেশিই বর্ষেছিল। হেমন্তের হিমশীতল পেলবতাকে আহ্বান করতে আবহাওয়ায় নেমে এসেছিল ঠান্ডা ভাব। শরতের শিশিরেরও দেখা বেশ পাওয়া যাচ্ছিল সকাল-সন্ধ্যায়। তার পরই হঠাৎ করে দুর্বিষহ এই অবস্থা। আবহাওয়াবিদদের কাছে এর ব্যাখ্যা কী, জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক শাহ্ আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘একদিকে বৃষ্টি একেবারেই কমে গেছে। মৌসুমি বায়ু খুব দুর্বল হয়ে পড়েছে। নির্মেঘ আকাশে উজ্জ্বল রোদ। বাতাসে আর্দ্রতা বেড়ে গেছে। সর্বোপরি আন্দামান সাগরে একটু “ডিস্টার্বেন্স” আছে। একটু “লো” (নিম্নচাপের প্রাথমিক অবস্থা) আর কি। তাই এ অবস্থা।’এক প্রশ্নের জবাবে শাহ্ আলম বলেন, আবহাওয়াবিজ্ঞান অনুযায়ী ঋতু পরিবর্তনের সময় এ রকম হওয়াটা একেবারে অস্বাভাবিক নয়। তবে প্রতিবছর হয় না। সে কারণেই মানুষের কাছে অসহ্য লাগছে।খবর নিয়ে জানা গেছে, এই অবস্থা শুধু ঢাকায় নয়, কম-বেশি সারা দেশে। অন্যান্য বছর এই সময়ে দেশের উত্তরাঞ্চল থেকে খবর আসত—দিনে গরম, রাতে ঠান্ডা। এ বছর তা নয়। দিনরাত সব সময়ই গরম এবং অসহ্য গরম। ঠিক চৈত্র মাসে বৃষ্টি নামার আগের অবস্থা। এই অবস্থায় বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। কিন্তু উৎপাদন না বাড়ায় লোডশেডিং হচ্ছে ঘন ঘন। মানুষের দুর্ভোগও চরমে পৌঁছেছে।এই অবস্থা কত দিন চলতে পারে, জানতে চাইলে গতকাল রাতে আবহাওয়া অফিসের কর্তব্যরত আবহাওয়াবিদ বলেন, বৃষ্টি হলে তাড়াতাড়িই এ অবস্থার পরিবর্তন হবে। না হলে আরও কিছুদিন এ রকম চলতে পারে।