শরবত বিক্রেতা রাজ্জাক মিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্জাক মিজি বিক্রি করেন ভেষজ শরবত। বরিশালের মউবাড়িয়া থানার ছয়রাবাদ গ্রামে তাঁর বাড়ি। ১৯৮২ সালে ঢাকায় আসেন। ঢাকায় এসে প্রথমে রিকশা চালিয়েছেন, কুলির কাজ করেছেন ১০ বছর। এখন এই শরবত বিক্রি করেন। প্রতিদিন ফজরের নামাজ পড়েই সংসদ ভবন এলাকায় ভ্যান নিয়ে চলে আসেন রাজ্জাক। বললেন, ‘আমার শরবতে থাকে ঘৃতকুমারী, তোকমা, উলটকম্বল, চিরতা, হরীতকী, বহেড়া, আখের গুড়, শুকনা বেলের কষ—এ রকম ১৬টি পদ দিয়ে আমি কাস্টমারের সামনে দাঁড়িয়ে শরবত বানিয়ে দিই। সকালে যারা সংসদ ভবনে হাঁটতে আসে তারা এই শরবতটা খালি পেটে খায়। সকালে বসি সংসদ ভবনের সামনে, দুপুরের পর যাই চন্দ্রিমা উদ্যানে, বিকেল পর্যন্ত থাকি।’রাজ্জাক মিজির ভেষজ শরবতের দাম গ্লাসপ্রতি ৫ ও ১০ টাকা। প্রতিদিন এক হাজার থেকে এক হাজার ২০০ টাকার শরবত বিক্রি হয়। লাভ থাকে শ তিনেক টাকা। রাজ্জাক মিজির পুঁজি তিন হাজার টাকা। শরবতের উপাদানের মধ্যে ইসবগুলের ভুসির দাম কেজিপ্রতি ৪৫০ টাকা, চিরতার (কালোমেঘ) কেজি এক হাজার ২০০ টাকা। শিলজুত্ এক হাজার টাকা কেজি। তোকমা ৮০ টাকা কেজি। আখের গুড়ের কেজি ৬০ টাকা। শুকনা বেল ১০০ টাকা কেজি। উলটকম্বল ৪০ টাকা কেজি। সব মিলিয়ে ১৬টি পদ মিশেল করে শরবতটা তৈরি করেন রাজ্জাক। শরবত তৈরিতে ব্যবহার করেন নাখালপাড়ার এক নলকূপের পানি। সেই পানি প্রতি কলসির দাম পড়ে পাঁচ টাকা।শরবতের উপকারিতা কী? জানতে চাইলে রাজ্জাক মিজি বলেন, ‘এই শরবতটা খেলে হাত-পায়ের ব্যথা, শরীরের কষা ভাব কেটে যায়। চোখের ছানি পরিষ্কার হয়। আমার কাস্টমার এইটা বিশ্বাস করে খায়। যারা চন্দ্রিমা উদ্যানে নিয়মিত হাঁটতে আসে, তাদের অনেকেই আমার বান্ধা কাস্টমার। তাদের বাইরে রিকশাওয়ালারা শরবতটা বেশি খায়। আর সাহেবরা দৌড়াতে দৌড়াতে আসে, জিজ্ঞেস করে, শরবতের পানি টেপের না চাপ কলের, জিজ্ঞেস করে চলে যায়। শরবত খায় না।’রাজ্জাক মিজি জানান, তাঁর চার মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলেও বিয়ে করেছে। তিনি কারওয়ান বাজারে শরবত বিক্রি করেন। ছেলে আর ছেলের বউকে সঙ্গে নিয়ে বেগুনবাড়ীতে থাকেন রাজ্জাক মিজি। বউ বেঁচে নেই? এই প্রশ্নের উত্তরে রাজ্জাক জানালেন, দেড় বছর আগে তাঁর বউ শরিফা খাতুন ছেলের ভাত নিয়ে বের হয়েছিলেন। তার পর থেকে তাঁকে আর পাওয়া যায়নি। রাজ্জাক মিজি আর তাঁর ছেলে মিলে শরিফা খাতুনকে থানায়, হাসপাতালে খুঁজছেন গত এক বছর ধরে, পাননি। রাজ্জাক মিজি দুঃখ করে বললেন, ‘ভাইরে, ঘরে গেলে ভালো লাগে না। ৪০ বছর ঘর করেছি বউটার সঙ্গে। কত কথা, কত স্মৃতি। কই গেল ভাই। বেঁচে আছে না মরে গেছে কে বলতে পারবে? তার জ্যান্ত মুখটা একবার দেখতে ইচ্ছা করে।’