সারি সারি শিক ঝোলানো। তাতে গাঁথা নানা রকমের মুরগির টুকরো। কাচের ওপাশ থেকেও হাতছানি দিয়ে ডাকে তা। জিবে জল এসে যায় ওদিকে তাকালেই। হাতিরপুলের শরমা হাউসের সামনে দিয়ে যেতে যেতে চোখ গেল নতুন এই দোকানটির দিকে। নামটাও বেশ হয়েছে ‘শরমা কেবাশিষ হাউস’। এটি সেই চিরচেনা শরমা হাউসেরই নতুন আয়োজন।দরজা ঠেলে ভেতরে ঢুকতেই রেস্তোরাঁর পরিসরে চোখ জুড়িয়ে যায়। হাতিরপুলের মতো এলাকায় সাড়ে চার হাজার বর্গফুট জায়গা নিয়ে রেস্তোরাঁ খোলা কি চাট্টিখানি কথা? ভেতরের সাজসজ্জা বেশ সুন্দর! খুব বেশি জমকালো নয় বরং বেশ ছিমছাম। চেয়ার-টেবিলগুলো এমন কায়দায় বসানো, বসলে কেমন একটা ঘরোয়া অনুভূতি আসে আপনা থেকেই। খাবারদাবারে শরমা হাউসের সুখ্যাতি তো সেই কবে থেকেই। আরবের শরমা খাবারটা এ শহরে প্রথম নিয়ে এসেছিলেন তাঁরাই। তার সঙ্গে এবার জুড়ে গেল মোগলাই খাবারের পদ। কত কী যে আছে তাতে! সব মিলিয়ে প্রায় ৭০-৮০টি পদ।মেন্যুতে চেনা নাম খুব বেশি নেই। তাই খাবার বাছতে গিয়ে খানিকটা হিমশিম খেতেই হয়। তন্দুরি মোরগ, লাসোনি কাবাব, পাহাড়ি কাবাব, কস্তুরী কাবাব, গাল্লাফি কাবাব, মাটন রোগন যোশ, মাটন রারা, মাটন দোপেঁয়াজি, কড়াই মাটন, চানা মাটন মসলা, আরও কত কী! চাই কি, মাছের পদও মিলবে। ফিশ টিক্কা, ফিশ ইরানি কাবাব, তন্দুরি প্রন, প্রন মালাইকারিও মেলে এখানে। নিরামিষেও কম যায় না শরমা কেবাশিষ হাউস। ডাল মাখনি, ডাল ভাজি, সবজির দোপেঁয়াজি, সবজি ঝাল ফ্রাই—সবই পাওয়া যায় এখানে। খাওয়া শেষে তাদের তৈরি ফিরনি, আইসক্রিম কিংবা লাচ্ছি, যেকোনোটা বেছে নিতে পারেন ডেজার্ট হিসেবে। মেন্যু দেখে রোগন জোশ, তন্দুরি মোরগের সঙ্গে নান রুটির অর্ডার দিতে গিয়ে মুশকিলে পড়তে হলো। কেননা, অন্য সবকিছুর মতোই নানেরও রয়েছে বেশ কয়েক পদ। বাটার নান, গার্লিক নান, কাবুলি নান—কোনটা ফেলে কোনটা খাওয়া যায়, ভাবতে গিয়ে শেষে সব কটির ফরমায়েশই দিতে হলো। চাইলে অবশ্য পরোটাও খাওয়া যেত। বেশ কয়েক রকম পরোটাও পাওয়া যায় এখানে।বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, টাটকা গরম খাবার চলে আসে খানিক পরেই। ভাপ ওঠা তন্দুরি মোরগের মজাই অন্য রকম। সঙ্গে নানান স্বাদের নানের টুকরো! আহ্! মাটন রোগন জোশটাও ভীষণ স্বাদের।খেতে খেতে কথা হয় শরমা কেবাশিষ হাউসের কর্ণধারদের একজন আহাম্মাদ উল্লাহর সঙ্গে। বললেন, ‘খাদ্যপ্রেমীদের আরবি খাবারের পাশাপাশি এবার মোগলাই খাবারের স্বাদ দিতেই এই শরমা কেবাশিষ হাউসের সূচনা। দুই মাস হয়ে গেল, এর মধ্যে ভালোই সাড়া পেয়েছি আমরা।’খাবারের রেসিপি কোত্থেকে আসে, সে কথা জানতে চাইলে তিনি জবাব দিলেন, ‘রেসিপির জন্য শুধু বাবুর্চির ওপর ভরসা করে বসে থাকি না, রেসিপি নিয়ে আমরা নিজেরাও অনেক পরীক্ষা-নিরীক্ষা করি। সবচেয়ে যেটা ভালো লাগে, শেষ পর্যন্ত সেটাই মেন্যুতে উঠে আসে।’বলতে গেলে প্রায় সারা দিনই ভিড় লেগে থাকে এখানে। কী খাবার, কী আড্ডায়—বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীদের ভেতর ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়ে গেছে শরমা কেবাশিষ হাউস।