শরিকদের গুরুত্ব দিচ্ছে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোটের শরিকেরা চায় জোটবদ্ধ আন্দোলন। এ ব্যাপারে তারা বারবার অনুরোধ করলেও বিএনপি তা শুনছে না। বরং সদ্য সমাপ্ত পৌরসভা ও জাতীয় সংসদের দুটি আসনের উপনির্বাচনে জোটের শরিক দলগুলোর সঙ্গে তেমন যোগাযোগ করেনি বিএনপি। তারা একাই নির্বাচন করেছে এবং নির্বাচনী ফল বিএনপির জন্য ভালো হয়েছে বলে নেতারা মনে করছেন।বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি জোটবদ্ধ কর্মসূচিতে যাবে না, একা চলতে চায়। বিএনপি মনে করে, শরিক দলগুলোর ৫ থেকে ৬ শতাংশ ভোট আছে। এই ভোট বিএনপির বাক্সে দেওয়া ছাড়া দলগুলোর কোনো উপায় নেই। কাজেই তাদের অতটা গুরুত্ব না দিলেও চলবে।২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনের পর থেকে চারদলীয় জোটের আনুষ্ঠানিক কোনো বৈঠকও হয়নি। তবে আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর খালেদা জিয়া মাঝেমধ্যে শরিক ও সমমনা দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। অবশ্য শরিকেরা এতটুকুতে সন্তুষ্ট নয়।শরিক দলগুলোর মধ্যে বিএনপির এই মনোভাবের কারণে হতাশা ও অভিমানও আছে। গত সোমবার বিএনপি আহূত হরতাল কর্মসূচিতে সমর্থন দিলেও শরিক দলের নেতারা কর্মসূচিতে অংশ নেননি। এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের একজন নেতা বলেন, ‘আমরা তো শুধু হরতালে নৈতিক সমর্থন দিয়েছিলাম।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা জোটবদ্ধ কর্মসূচি নিচ্ছি না। তবে জোট ভেঙে যায়নি। আমাদের কর্মসূচিতে তাদের সমর্থন আছে। সাংগঠনিক সমস্যায় হয়তো তারা অংশ নিতে পারছে না।’এদিকে বিএনপিসহ শরিক দলগুলোর নেতারা সরকারের বিরুদ্ধে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে ব্যর্থতার অভিযোগ এনে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছেন। দলগুলোর সূত্র জানিয়েছে, এই দাবিতে এখনই জোরাল আন্দোলন করার কোনো পরিকল্পনা তাদের নেই। দলগুলো মনে করছে, বিগত সংসদ নির্বাচনের সময়ের তুলনায় এখন সরকারের জনপ্রিয়তা যথেষ্ট কমেছে। এর প্রতিফলন ঘটেছে পৌরসভা ও দুটি উপনির্বাচনে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কী হয়, তা দেখতে চায় দলগুলো।জামায়াতে ক্ষোভ: ২০০৮ সালের সংসদ নির্বাচনে ৩৪ আসনে জোটের প্রার্থী হিসেবে জামায়াতকে মনোনয়ন দেয় বিএনপি। আরও চারটি আসনে বিএনপির পাশাপাশি জামায়াতও প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে জামায়াতকে গুরুত্ব দেয়নি বিএনপি। ২৪টি পৌরসভায় মেয়র পদে জামায়াত বিএনপির সমর্থন চাইলেও বিএনপি মাত্র চারটিতে সমর্থন দেয়। এ নিয়ে জামায়াতের নেতারা ক্ষুব্ধ। জামায়াত মনে করছে, পৌর নির্বাচনে বিএনপি তাদের এক অর্থে অপমান করেছে।জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বলেন, ‘পৌরসভা নির্বাচনে তাদের (বিএনপি) সঙ্গে কিছু আলাপ হয়েছিল। তবে তারা আমাদের ছাড় দেয়নি, আমরাও তাদের দেইনি। যে চারটি পৌরসভার (জামায়াতের প্রার্থীর পক্ষে বিএনপির আনুষ্ঠানিক সমর্থন ছিল) কথা আপনি বলছেন, সেখানেও তাদের (বিএনপি) এক-দুজন করে প্রার্থী ছিলেন। তবে এই নির্বাচনে আমরাও সেভাবে সমঝোতা করতে চাইনি।’হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির এককভাবে নির্বাচন করার বিষয়ে শফিকুর রহমান বলেন, আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ নির্বাচন হয়নি। তবে মাঠপর্যায়ে আমাদের লোকেরা বিএনপির প্রার্থীর পক্ষেই কাজ করেছে।’এখনই জোরালো আন্দোলন নয়: চার দলের নেতারা বলছেন, তাঁদেরও গুছিয়ে ওঠার জন্য আরও সময় দরকার। বিগত সংসদ নির্বাচনে ফল বিপর্যয়ের পর বিএনপি এখনো ঘুরে দাঁড়ানোর মতো পর্যাপ্ত সময় পায়নি। আর জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন কারাবন্দী। এ অবস্থায় আপৎকালীন নেতৃত্ব দিয়ে দল পরিচালনা করা হলেও জামায়াত আন্দোলনে যাওয়ার মতো অবস্থায় এখনো নেই।মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা কখন কী করব, তা অনেকটা সরকারের ওপর নির্ভর করবে। সরকার বিরোধী দলকে শক্ত হাতে দমন করতে চাইলে পরিবেশ এক রকম হবে, না হলে অন্য রকম হবে। বর্তমান পরিস্থিতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, শেয়ারবাজারে ধসের কারণে অনেক মানুষ পথে বসে গেছে। আমরা এসব বিষয়ে দলের বিশেষজ্ঞদের কথা বলার দায়িত্ব দিয়েছি। বিষয়ভিত্তিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে একসময় আন্দোলন দানা বাঁধবে।’ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, সামনে ক্রিকেট বিশ্বকাপ, এরপর সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এসব বিষয় সামনে রেখে জোরালো কোনো কর্মসূচি আপাতত নেওয়া হয়নি।