শরিকদের নিয়ে চক্করে কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস তাদের শরিক দল সমাজবাদী পার্টি (এসপি) ও বহুজন সমাজ পার্টি (বিএসপি) নিয়ে বেশ বিপাকে পড়েছে। শরিকদের সঙ্গে বিভিন্ন সময়, বিভিন্ন বিষয়ে মতভেদের কারণে কংগ্রেস নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারছে না। কিছু ক্ষেত্রে পাক খেতে হচ্ছে দ্বিধার চক্করে।ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চায় (ইউপিএ) দুই শরিকের অবস্থান দিন দিন এত মজবুত হচ্ছে যে, তারা চাইলে কংগ্রেসকে ২০১৪ সালের আগে নির্বাচন দিতে হতে পারে। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন আভাস দেওয়া হয়েছে।কংগ্রেসের সঙ্গে শরিকদের সম্পর্ক কতটা নাজুক, তা ছোটখাটো এক উদাহরণ থেকে স্পষ্ট হয়ে যাবে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তা গত সপ্তাহের ঘটনা। তখন লোকসভার অধিবেশন চলছে। কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী যথারীতি সামনের সারিতে তাঁর নির্ধারিত আসনে বসেন। সরকারদলীয় এক মন্ত্রীর কাছ থেকে শরিক দল সমাজবাদী পার্টির একজন আইনপ্রণেতা গুরুত্বপূর্ণ কোনো কাগজ ছিনিয়ে নিলে সোনিয়া গিয়ে ওই কাগজ উদ্ধারের চেষ্টা চালান। তবে সফল হননি। কাগজটি ওই আইনপ্রণেতা ছিঁড়ে ফেলেন।এ ঘটনাকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। শরিকদের ওপর যে কংগ্রেসের নিয়ন্ত্রণ কমে যাচ্ছে, এটা তারই স্পষ্ট উদাহরণ। এসব শরিক দলের ওপর নির্ভর করেই সামনে এগোতে হচ্ছে কংগ্রেসকে। তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখলে অর্থনৈতিক সংস্কারের জন্য গৃহীত পদক্ষেপ যেমন হুমকির মুখে পড়বে; তেমনি সমর্থন তুলে নিলে ২০১৪ সালের নির্ধারিত সময়ের আগেই নির্বাচন দিতে হতে পারে।এ ব্যাপারে ‘সানডে গার্ডিয়ান’-এর প্রধান সম্পাদক এম জে আকবর বলছিলেন, নির্বাচন পুরোপুরি তাদের (শরিক দলগুলো) হাতে।জোটের শরিকদের বিভিন্ন দাবি আর এ নিয়ে দ্বন্দ্ব সামাল দিতে বেশ হিমশিম খেতে হচ্ছে কংগ্রেসকে। জনবহুল উত্তর প্রদেশের ক্ষমতাধর দল সমাজবাদী পার্টি নিম্নশ্রেণীর উন্নয়নে সরকারকে উদ্যোগ নিতে চাপ দিচ্ছে। এর বিরোধিতা করছে বহুজন সমাজ পার্টি। এদিকে বিলটি পাস না হলে সমাজবাদী পার্টির বহু মুসলিম সমর্থক হতাশ হবেন। দুই শরিকের দুই রকম মতের কারণে মন্ত্রী বিলটি ভোটে দেওয়ার উদ্যোগ নেন। আর তখনই সেটি সরিয়ে নেন সমাজবাদী পার্টির সাংসদ। দলের এই কৌশল কাজে দিয়েছে। বিলের ব্যাপারে সিদ্ধান্ত ছাড়াই লোকসভার অধিবেশন আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। সিপিআইয়ের (এম) জ্যেষ্ঠ আইনপ্রণেতা বাসুদেব আচার্য বলেন, ‘কংগ্রেস ক্ষমতায় থাকতে চায়। আর এই দুই দল ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে চায়। তিন দলই এভাবে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।’১২০ কোটি জনসংখ্যার দেশ ভারতে এই দুই শরিক দল আঞ্চলিক পর্যায়ে বেশ প্রভাবশালী। লোকসভার দুই কক্ষে ৭৮৭ আসনের মধ্যে দুই শরিক দলের নিয়ন্ত্রণে আছে এক-দশমাংশ আসন। সে অর্থে তারা জনগোষ্ঠীর একটি বড় অংশের প্রতিনিধিত্ব করে। রাষ্ট্রবিজ্ঞানী সুধা পাই যেমনটা বলছিলেন, ভারত তাদের (শরিক দুই দল) ওপর খুবই নির্ভরশীল। শরিকদের সমর্থন নিয়ে অর্থনৈতিক সংস্কার চালানোর বিশাল একটি সুযোগ যেমন কংগ্রেসের আছে; তেমনি দুই দলকে কংগ্রেস কতটা ভালোভাবে সামাল দিতে পারে, সেটির ওপরও সাফল্য নির্ভর করছে। ধীরগতির অর্থনীতি, ব্যাপক মূল্যস্ফীতি, সরকারের দুর্নীতি—সব নিয়ে মনমোহন সিংয়ের সরকার বেশ বেকায়দায় আছে। তার ওপর শরিকদের যদি ভালোভাবে সামাল দেওয়া না যায়, তাহলে সাধারণ নির্বাচনের আগে পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করবে। মুলায়ম সিং যাদবের (৭২) নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি সরকারের অর্থনৈতিক সংস্কারের অনেক বিষয়ের বিরোধিতা করেছে। তবে হিন্দু জাতীয়তাবাদী বিজেপির উত্থান ঠেকাতে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। অন্যদিকে, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও দলিতদের নেত্রী মায়াবতীর (৫৬) নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টিও সরকারের অর্থনৈতিক সংস্কারের বেশ কিছু বিষয়ের বিরোধিতা করেছে। দুই শরিকের বিরোধিতার কথা মাথায় রেখে কংগ্রেসকে সাবধানে পা ফেলতে হচ্ছে।