শরিকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটি। আজ মঙ্গলবার বিকেলে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল-পরবর্তী সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা জানান। তিনি বলেন, স্বতঃস্ফূর্ত হরতাল পালনের মাধ্যমে জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, গত শনিবার থেকে আজ হরতাল পর্যন্ত সারা দেশে বিএনপির প্রায় তিন হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রায় এক হাজার ৭০০ নেতাকর্মী পুলিশ ও সরকারদলীয় ক্যাডারদের নির্যাতনে আহত হয়েছেন। তিনি অবিলম্বে আটক বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তি দাবি করেন। হরতালের দিন কত জন আটক হয়েছে, সে ব্যাপারে কোনো সুস্পষ্ট তথ্য দিতে পারেননি তিনি। তবে আজ অনুমানিক ৭০০ জন নেতা-কর্মী আটক হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের হরতাল বানচালের ষড়যন্ত্র জনগণ রুখে দিয়েছে। সরকার প্রভাব খাটিয়ে কিছু বাস চালু রেখেছে। কিন্তু জনগণ হরতাল সফল করে সরকারকে অনাস্থা জানিয়েছে। এই সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।খোন্দকার দেলোয়ার বলেন, সরকার যেভাবে বিরোধী দলের ওপর নির্যাতন-অত্যাচার চালাচ্ছে, তাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। সরকারের এমন আচরণের কারণে বিদেশি শক্তিগুলো এখানে প্রভাব বিস্তারের সুযোগ পাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, এভাবে জেল জুলুম করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। সংবাদ সম্মেলন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও সাদেক হোসেন খোকা, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার, ইলিয়াস আলী, সাংসদ রেহানা আক্তার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।