মহাজোট ও ১৪ দলের শরিকদের আস্থায় নিয়েই পৌরসভা নির্বাচনে প্রার্থী সমর্থন দেবে আওয়ামী লীগ। দলীয় নীতিনির্ধারকেরা জানিয়েছেন, শরিকদের সঙ্গে তেমন দর-কষাকষি না করেই সমঝোতার চেষ্টা করবেন তাঁরা। এ ক্ষেত্রে বিশেষ মানদণ্ডের ভিত্তিতে মহাজোটের সঙ্গে প্রার্থী নিয়ে সমঝোতা করা হবে। এরই মধ্যে এ নিয়ে শরিকদের সঙ্গে আওয়ামী লীগের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।সরকার ও আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র জানায়, যেসব পৌরসভায় শরিক দলের মেয়র ও কাউন্সিলর রয়েছেন, সেসব পৌরসভায় তাদের প্রার্থীকেই সমর্থন দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রার্থী পরিবর্তনের প্রয়োজন হলে নতুন প্রার্থীও সেই দলেরই হবে। এ ছাড়া আঞ্চলিকভাবে কোনো দলের অবস্থান ভালো হলে বা ভালো প্রার্থী থাকলে সে পৌরসভায়ও শরিক দলের প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।সূত্র জানায়, আওয়ামী লীগসহ ১৪ দল এবং জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা আপাতত মনোনয়নপত্র জমা দেবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যেই সমঝোতার ভিত্তিতে তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন। তবে আওয়ামী লীগ দলীয়ভাবে একক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবে। একক প্রার্থী মনোনয়নের জন্য কেন্দ্রীয়ভাবে ঠিক করে দেওয়া মানদণ্ড এরই মধ্যে দলের জেলা ও উপজেলা সভাপতি এবং সাধারণ সম্পাদককে জানিয়ে দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তাঁকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে।সূত্র জানায়, গত বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদ অধিবেশন চলাকালে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের কাছে তাঁর দলের বর্তমানে কতজন মেয়র রয়েছেন এবং কোন কোন পৌরসভা জাতীয় পার্টির জন্য সম্ভাবনাময়, তা জানতে চান। সৈয়দ আশরাফ এ ব্যাপারে জাতীয় পার্টির কাছে লিখিত তালিকা চান। জাতীয় পার্টি সূত্র জানায়, বর্তমানে চারটি পৌরসভায় দলের নির্বাচিত মেয়র রয়েছেন। পৌরসভাগুলো হলো রংপুর, বাকেরগঞ্জ, মুন্সিগঞ্জ ও মাধবদী। এ চারটি পৌরসভা জাতীয় পার্টিকেই দেওয়া হবে। তা ছাড়া জাতীয় পার্টি ৫০টির মতো পৌরসভাকে সম্ভাবনাময় উল্লেখ করে একটি তালিকা করেছে।জানতে চাইলে রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে জানান, পৌরসভার তালিকাসংবলিত চিঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে আজ দেওয়া হবে। তিনি বলেন, ‘আশরাফ সাহেব যদি আমাদের বিষয়টি সহানুভূতির মনোভাব নিয়ে দেখেন, তাহলে সমঝোতা কঠিন হবে না।’এদিকে ১৪ দলের শরিকদের সঙ্গেও আওয়ামী লীগের আলোচনা হচ্ছে। এ জোটের একমাত্র ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী দেওয়ার মতো সাংগঠনিক অবস্থা আছে। তবে এ দুটো সংগঠনের একটিরও বর্তমানে কোনো পৌরসভায় নির্বাচিত মেয়র নেই। অবশ্য কাউন্সিলর আছে।জানা গেছে, দিনাজপুর ও রাজবাড়ী পৌরসভায় একসময় ওয়ার্কার্স পার্টির মেয়র ছিলেন। এ দুটি ছাড়াও দলের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ, যশোর, বানারিপাড়াসহ ১১টির মতো পৌরসভা চাওয়া হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের এখনো আলোচনা হয়নি। তবে শিগগিরই হবে।’সূত্র জানায়, জাসদের পক্ষ থেকেও বেশ কয়েকটি পৌরসভায় মহাজোটের সমর্থন চাওয়া হবে। এ দলেরও গত নির্বাচনে বিজয়ী কোনো মেয়র নেই। তবে এবার দলটি আলমডাঙ্গা, গাইবান্ধা, ঝিনাইদহ, নবীগঞ্জসহ কয়েকটি পৌরসভাকে সম্ভাবনাময় বলে মনে করছে।জানতে চাইলে জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা বলেছি। এরপর আওয়ামী লীগের কাছে তালিকা দেব।’ মহাজোটগত নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি আওয়ামী লীগকে অভিনন্দন জানান।