শরিকের সমর্থন প্রত্যাহারে সংকটে ভারতের ইউপিএ সরকার
ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) থেকে তামিলনাড়ুভিত্তিক দ্রাবিড় মুনেত্র কাজাম (ডিএমকে) সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। ডিএমকের নেতারা আজ মঙ্গলবার এ ঘোষণা দেন। রয়টার্স বলছে, এর ফলে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা বড় ধরনের হোঁচট খেল। তবে ডিএমকের সমর্থন প্রত্যাহারের ওপর ইউপিএর স্থায়িত্ব নির্ভর করছে না। কারণ, ডিএমকের সমর্থন ছাড়া বাকি শরিকদের সমর্থন নিয়ে টিকে থাকতে পারবে জোট সরকার।বিশ্লেষকেরা ধারণা করছেন, ডিএমকের সমর্থন প্রত্যাহারে জোট সরকার বাজেট ঘাটতি কমানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা ও বিশ্বমন্দার চোট থেকে জাতীয় অর্থনীতিকে বাঁচানোর যেসব উদ্যোগ নিয়েছিল, তা বাধাগ্রস্ত হবে। ডিএমকের শীর্ষ নেতা মুথুভেল করুনানিধি আজ এক সংবাদ সম্মেলনে বলেন, ডিএমকে সরকারকে আর সমর্থন দেবে না। কেন্দ্রীয় সরকারের মন্ত্রিপরিষদে দলের যে পাঁচজন সদস্য আছেন, আগামীকাল বুধবারের মধ্যে তাঁদেরও প্রত্যাহার করে নেবে দল।মুম্বাইয়ের বারোদা ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ রূপা রেজে নিটসুরে বলেছেন, ‘সমানের বছরের পার্লামেন্ট নির্বাচনে সাফল্যের জন্য অর্থনৈতিক বিকাশ ও রাজনীতিক স্থিতিশীলতা অর্জন খুবই জরুরি।’অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে সরকার কারখানা স্থাপনের জন্য শিল্পপতিদের জমি অধিগ্রহণ নীতিমালায় সংশোধনীসহ পার্লামেন্টে একটি প্রস্তাব আনতে যাচ্ছে। এ ছাড়া খাদ্য-ব্যবস্থাপনা পুনর্গঠন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লোকপাল নিয়োগ এবং যৌন নিপীড়কদের কঠোর সাজা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের বিল উত্থাপন করবে। ডিএমকে বহুদিন থেকে সরকারকে চাপ দিয়ে আসছিল যে, ইউপিএ সরকার শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপন করুক। ডিএমকে চায়, সিংহলি সংখ্যাগরিষ্ঠের দেশ শ্রীলঙ্কায় সংখ্যালঘু তামিলদের স্বাধীনতার যুদ্ধে শ্রীলঙ্কান সেনাবাহিনী যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর বিরুদ্ধে জাতিসংঘে যুদ্ধাপরাধবিরোধী অপরাধের মামলা দায়ের করা হোক। ডিএমকের সিদ্ধান্তের পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র রাজিব প্রতাপ রুডি বলেন, ‘সরকার এবার তার সংখ্যাগরিষ্ঠতা হারাল। এ কারণে ইনস্যুরেন্স ও পেনশন ইস্যুতে সরকার কিছুটা দুর্বল হয়ে পড়বে।’ তবে তিনি এ-ও জানান, শিগগিরই আস্থা ভোটের দাবি জানানোর কোনো পরিকল্পনা তাঁদের নেই। অর্থমন্ত্রী পি চিদাম্বারাম বলেন, সরকার এখনো স্থিতিশীল। ডিএমকে মত পাল্টে আগের পথে ফিরবে, এমন বিশ্বাস তাঁর।