শরীফপুর সীমান্তে বিডিআর-বিএসএফের জরুরি পতাকা বৈঠক
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে চাতলা চেকপোস্ট এলাকায় আজ শনিবার বেলা ১১টায় বিডিআর ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি জরুরি পতাকা-বৈঠক অনুষ্ঠিত হয়।চাতলাপুর চেকপোস্টসংলগ্ন নো ম্যান্স ল্যান্ড এলাকায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।শ্রীমঙ্গলে ১৪ রাইফেলস ব্যাটালিয়ন কমান্ডার কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ জুলাই সকালে বাংলাদেশ-ভারত সীমান্তের চার কিলোমিটার ভেতরে একটি বিদ্যালয়ে বিডিআর ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বড় ধরনের একটি সম্প্রীতি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে বিডিআর ও বিএসএফ কমান্ডাররা সিদ্ধান্ত নিয়েছিলেন, সীমান্ত এলাকায় ভারত ও বাংলাদেশ অত্যাবশ্যকীয় উন্নয়নকাজে কোনো আপত্তি করবে না। সেই অনুযায়ী ১৫ জুলাই ১৮৬৩ নম্বর সীমান্ত খুঁটি থেকে চাতলাপুর চেকপোস্ট এলাকায় সড়ক উন্নয়নের কাজ শুরু করা হলেও বিএসএফ তাতে বাধা দেয়।এ সমস্যা নিরসনে আজ বেলা ১১টায় চাতলাপুর চেকপোস্ট এলাকায় বিডিআর ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে জরুরি পতাকা বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব ছিলেন বিডিআরের ১৪ রাইফেলস ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল নূরুল হুদা। আর বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ২৪ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার শ্রী এস এস সারওয়ান।লে. কর্নেল নূরুল হুদা প্রথম আলোকে বলেন, এ বৈঠকে সীমান্ত এলাকায় প্রতিরক্ষা বাঁধের উন্নয়ন এবং চাতলাপুর চেকপোস্ট সড়ক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।